সবজি বিক্রি করে বাড়ি ফেরা হলো না যুবকের

0

স্টাফ রিপোর্টার॥ যশোরের বাঘারপাড়া উপজেলায় ট্রাকচাপায় আকাশ ঋষি (২৫) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার দিশা শিশু নিকেতনের সামনে যশোর-মাগুরা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
আকাশ ঋষি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ষাটবাড়িয়া গ্রামের সন্দীপ ঋষির ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বাঘারপাড়ার আমতলা মোকামে সবজি বিক্রি করে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি ফিরছিলেন আকাশ। পথিমধ্যে দিশা শিশু নিকতনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আকাশ। বারবাজার হাইওয়ে থানা পুলিশের ওসি মঞ্জুরুল আলম জানান, দুর্ঘটনার পরই ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। ভ্যানচালকের মরদেহ ও দুর্ঘটনাকবলিত ভ্যান উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আকাশের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।