যশোরে ট্রাফিক পুলিশের কর্মকর্তাকে মারধরের চেষ্টার অভিযোগ, আটক ৪

0

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ট্রাফিক পুলিশের কর্মকর্তা (এটিএসআই) মো. মনিরুজ্জামানকে মারধরের চেষ্টার অভিযোগে ৪ যুবককে আটক করেছে কোতয়ালি থানার পুলিশ। গত শনিবার সন্ধ্যায় শহরের জজ কোর্ট মোড় থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যবহৃত ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন-শহরের রেলগেট এলাকার হারুন অর রশিদের ছেলে শাহাবুদ্দিন (৩৬), শংকরপুরের মৃত শহীদের ছেলে সেলিম রেজা (২৮), চাঁচড়া রায়াপাড়ার কামরুজ্জামান কাঞ্চনের ছেলে মাহমুদ হাসান তিতাস (২৯) ও বেজপাড়া রানার অফিস এলাকার আবুল হোসেনের ছেলে জুবায়ের হোসেন পান্না (৩০)।
ট্রাফিক পুলিশ কর্মকর্তা মো. মনিরুজ্জামানের অভিযোগ, সন্ধ্যা সোয়া সাতটার দিকে তিনি জজ কোর্ট মোড়ে ডিউটিতে ছিলেন। এ সময় উল্লিখিতরাসহ তাদের সহযোগীরা বাঁশের লাঠি হাতে নিয়ে মোটরসাইকেলে হৈ হুল্লোড় করতে করতে সেখানে আসেন। তারা বেপরোয়া গতিতে আসছিলেন। তখন তিনি তাদের থামার জন্য সিগন্যাল দেন। এ সময় তারা তার সাথে আক্রমণাত্মক আচরণ করেন এবং তুই তুকারি করতে থাকেন। সংযত হওয়ার কথা বলে উত্তেজিত হয়ে তারা তাকে মারধর করতে উদ্যত হন। এরই মধ্যে খবর দেয়া হলে কোতয়ালি থানা পুলিশের এসআই জয়ন্ত সরকার ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন এবং উল্লিখিত ৪ জনকে তিনটি মোটরসাইকেলসহ আটক করেন। তবে বাঁশের লাঠি নিয়ে তাদের সহযোগীরা সেখান থেকে পালিয়ে যায়।
পুলিশ জানায়, আটক যুবকদের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে কোতয়ালি থানায় মামলা হয়েছে।