যশোরে পনের ড্রাম অবৈধ আফ্রিকান মাগুর পোনা জব্দ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার মোবারককাটিতে সোমবার সকালে অভিযান চালিয়ে ১৫ ড্রাম অবৈধ আফ্রিকান মাগুর পোনা জব্দের পর ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৩ জন মাগুর পোনা ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা গোপন সূত্রে খবর পায়, অবৈধ আফ্রিকান মাগুর পোনা বাজারজাত করণের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি মোবারককাটিতে অবস্থান করছেন। ৩টি নসিমনে ১৫টি প্লাস্টিকের ড্রামে আফ্রিকান মাগুর পোনা রয়েছে। এই খবর পেয়ে সকালে র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার, স্কোয়াড কমান্ডার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা মৎস্য কর্মকর্তার সমন্বয়ে একটি অভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ১৫টি প্লাস্টিকের ড্রামে রাখা অবৈধ আফ্রিকান মাগুর পোনা জব্দ করা হয়। একই সাথে অবৈধ আফ্রিকান মাগুর পোনা ব্যবসার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট ৩ ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা করে মোট ৯০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। যাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে তারা হলেন, সদর উপজেলার জয়ন্তা গ্রামের ছলেমান গাজীর ছেলে বাবর আলী, মৃত বারিক গাজীর ছেলে শওকত আলী ও হাতেম দফাদারের ছেলে রিয়াজুল ইসলাম। সূত্র আরও জানায়, জব্দ করা অবৈধ আফ্রিকান মাগুর পোনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।