যশোরে ফেনসিডিলের মামলায় দুজনের ১০বছর সশ্রম কারাদণ্ড

0

 

স্টাফ রিপোর্টার ॥ যশোরে ফেনসিডিল সংক্রান্ত একটি মামলায় দুই ব্যক্তিকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রোববার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক এই রায় ঘোষণা করেন।
পাবলিক প্রসিকিউটর অ্যাড. এম ইদ্রিস আলী সাংবাদিকদের জানান, সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, শার্শা উপজেলার বেড়ী গ্রামের আকিজ উদ্দিনের ছেলে রনি আহমেদ ও ফরিদপুর সদর উপজেলার শ্যাম সুন্দরপুর গ্রামের হাতেমের ছেলে সাইফুল ইসলাম। আসামি দুইজনেই পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০২০ সালের ২১ সেপ্টেম্বর দুপুরে বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে শার্শা উপজেলার পুটখালী থেকে মোটরসাইকেলসহ উল্লিখিত ২ জনকে আটক করেন। পরে তল্লাশ চালিয়ে অভিনব কায়দায় মোটরসাইকেলের ভেতর লুকানো ৬২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবি হাবিলদার হামিদুর রহমান বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেন। ২০২০ সালের ২৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা বেনাপোল পোর্ট থানার তৎকালীন এসআই শফি আহমেদ রিয়েল তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন। এই মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদেরকে উল্লিখিত সাজা প্রদান করেন আদালত। একই সাথে পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।