এইচএসসি ১৯৯২ ব্যাচ ৩০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার॥ বৃহস্পতিবার দিনব্যাপী যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাসে এইচএসসি ১৯৯২ ব্যাচের ৩০ বছর পূর্তি উৎসব ও পুনর্মিলনী ২০২২ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ছিল উত্তরীয় দিয়ে অতিথিদের বরণ, ক্রেস্ট প্রদান, স্মরণিকা উদ্বোধন, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সকাল ১০টায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর উত্তরীয় দিয়ে অতিথিদের বরণের পর স্মরণিকা উদ্বোধন করা হয়। শুরু হয় আলোচনা। প্রধান অতিথির বক্তব্যে জাতীয় বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, যে শিক্ষা প্রতিষ্ঠান থেকে জীবনের স্বপ্ন বুনেছেন, ঈদের পরে প্রাণের টানে এই অনুষ্ঠানে সেখানে সবাই ছুটে এসেছে। বন্ধুদের সাথে মিলিত হয়ে স্মৃতিময় দিন পার করা অত্যন্ত আনন্দ ও গৌরবের। এখানে আসা শিক্ষার্থীরা যেন দেশের কাজে নিবেদিতপ্রাণ। এমএম কলেজের পুরাতন স্মৃতি ধরে রাখতে সবাই মিলে পরিকল্পনা নিয়ে উদ্যোগ নেয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি ছিলেন এমএম কলেজের অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার, সিইও ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইন্সটিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর ডা. এমএ রশিদ।
পুনর্মিলনী কমিটির আহ্বায়ক ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার-রমনা বিভাগ মো. সাজ্জাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এমএম কলেজের প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ইবাদুল কহ, প্রাক্তন শিক্ষক প্রফেসর এবিএম খায়রুজ্জামান, প্রফেসর হামিদুল হক, প্রফেসর আব্দুর রশিদ ও অনুষ্ঠানের সদস্য সচিব হুমায়ুন কবীর মঈন। অনুষ্ঠান পরিচালনা করেন শরনিন্দ শেখর রায় ও শিরিন আক্তার।
এছাড়া, এইচএসসি ১৯৯২ ব্যাচের মো. শাহরিয়ার কবির তুহিন, এহতেশামুল কবির হিল্লোল, মেহেদী হাসান, মো. কামাল হোসেন বিশ্বাস, মো. আনোয়ার হোসেন, হুমায়ুন কবীর মঈন, মো. নূরুল ইসলাম, মো. আক্কাস আলী এবং মো. আকতারুজ্জামান লিটনসহ অনেকে তাদের কলেজে অধ্যায়নকালীন সময়ের স্মৃতিচারণ করেন।
অনুষ্ঠানে আকর্ষণীয় রাফেল ড্র-এর আয়োজন করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।