৩ দিনের কর্মসূচি ঘোষণা: বেসরকারি জুট মিল শ্রমিকদের অবস্থান কর্মসূচি পালন

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ খুলনার শিরোমনি শিল্প এলাকার জুট স্পিনার্স মিলের গেটের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আটরা ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার বন্ধকৃত বেসরকারি জুট মিলের শ্রমিকরা। গতকাল বুধবার সকাল ১০টা থেকে বেলা ১ টা পর্যন্ত এই কর্মসূচি চলে। ব্যক্তি মালিকানাধীন জুট স্পিনার্স, মহসেন, অ্যাজাক্স ও আংশিক চালুকৃত সোনালী জুট মিল পূর্ণাঙ্গরূপে চালু এবং শ্রমিক-কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধের দাবিতে তারা এই অবস্থান কর্মসূচি পালন করেন। সেখান থেকে আগামী ৩ দিনের কর্মসূচি ঘোষিত হয়।
কর্মসূচি চলাকালে শ্রমিক নেতারা বলেন, একে একে বেসরকারি জুট মিলগুলি বন্ধ হলেও শ্রমিকদের বকেয়া পাওনাসহ চূড়ান্ত পাওনাদি পরিশোধ করা হয়নি। মালিকপক্ষের সাথে কতিপয় সিবিএ নেতারা নিয়মিত যোগাযোগ রক্ষা করে ফায়দা লুটছেন, আর শ্রমিকরা রাস্তায় রাস্তায় ঘুরছেন, এভাবে আর চলতে দেওয়া হবে না। সেখান থেকে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ২০ ফেব্রুয়ারি সকাল ১০ টায় ফুলবাড়ীগেট বাসস্ট্যান্ডে মানববন্ধন, ২১ ফেব্রুয়ারি বিকেল ৫ টায় আর্র্ন্তজাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাফফারফুড মোড়ে আলোচনা সভা ও ২৪ ফেব্রুয়ারি সকাল ১০ টায় খুলনা জেলা প্রশাসকের অফিসের সামনে অনশন কর্মসূচি পালন। বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জুটস্পিনার্স মিলের শ্রমিক নেতা আব্দুল তালেব। শাহ মনিরুল ইসলামের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, মুক্তিযোদ্ধা মো. আছহাব উদ্দিন, মুক্তিযোদ্ধা ইজ্ঞিল কাজী , সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেক, জুট স্পিনার্স মিলের শ্রমিক নেতা কাগজী ইকরাম হোসেন, মো. আলাউদ্দিন, কেসমত, আসাদুজ্জামান (আশা), কাশেম, মো. আল মামুন গাজী, মেহেদী হাসান, মো. কেসমত আলী, খায়রুল আলম, সবুর, আলম, হাছান, আবুল হোসেন প্রমুখ।