ইবিতে মেধা তালিকায় ভর্তি শেষেও অর্ধেক আসন খালি!

0

ইমানুল সোহান, ইবি ॥ প্রথমবারের মতো হওয়া ২০টি বিশ^বিদ্যালয় নিয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা শেষ হয়েছে গত বছরের ১ নভেম্বর। পরীক্ষা শেষের তিন মাস পেরুলেও ভর্তি কার্যক্রম শেষ করতে পারেনি কুষ্টিয়ার ইসলামী বিশ^বিদ্যালয় (ইবি)। তৃতীয় মেধা তালিকা থেকে শিক্ষার্থী ভতির পরেও খালি রয়েছে অর্ধেক আসন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক বিভাগের শিক্ষকরা। তাদের অভিযোগ, ‘সমন্বিত ভর্তিতে পূর্বের তুলনায় শিক্ষার্থী এবং আমাদের দুর্ভোগ বেড়েছে। এছাড়া মানসম্মত শিক্ষার্থী ভর্তিতেও জটিলতা তৈরি হয়েছে।’
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এ বছর বিশ^বিদ্যালয়ের তিন ইউনিটে মোট আসন সংখ্যা ছিলো ২ হাজার ৯৫টি। তৃতীয় মেধা তালিকার ভর্তি শেষেও আসন ফাঁকা রয়েছে এক হাজার ২৭০টি। গত ১১ জানুয়ারি প্রথম মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়। পরে ১৯ জানুয়ারি দ্বিতীয় মেধা তালিকায় প্রকাশিত ভর্তিচ্ছুদের ভর্তি কার্যক্রম শেষ হয় ২৫ জানুয়ারি। আসন খালি থাকা সাপেক্ষে ফের ২ ফেব্রুয়ারি তৃতীয় মেধা তালিকা প্রকাশিত হয়। এই তালিকায় স্থানপ্রাপ্তদের ভর্তি প্রক্রিয়া শেষ হয়েছে ৭ ফেব্রুয়ারি। জানা গেছে, এ পর্যন্ত তিন ইউনিটে মোট ২০৯৫ আসনের বিপরীতে ভর্তি হয়েছেন ৮২৫ জন শিক্ষার্থী। ফলে ‘এ’ ইউনিটে ৫৫০টি আসনের মধ্যে ২৭৪টি, কলা-সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ১০৯৫টি আসনের মধ্যে ৭৪৬টি ও বাণিজ্য অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের মধ্যে ২৫০টি আসন ফাঁকা রয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. আহসানুল হক আম্বিয়া বলেন, ‘কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক আমরা তৃতীয় মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষ করেছি। পরবর্তী কার্যক্রমের বিষয়ে বিশ^দ্যিালয় কর্তৃপক্ষের দিকে আমরা তাকিয়ে আছি। তারা যেভাবে সিদ্ধান্ত দিবেন আমরা সেভাবে কাজ করবো।’ এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, ‘অপেক্ষমান থাকা শিক্ষার্থীদের ডাটা নিয়ে কাজ চলছে। কয়েকদিনের মধ্যে ওয়েবসাইটে নতুন করে মেধা তালিকা প্রকাশিত হবে।’