যশোরে কবি আজীজুল হক কবিতা উৎসব অনুষ্ঠিত

0

স্টাফ রিপোর্টার॥ পঞ্চাশ দশকের অন্যতম কবি আজীজুল হক স্মরণে কবিতা উৎসবে গতকাল যশোরে বসেছিল কবিদের মেলা। যশোর ইন্সটিটিউট পাবলিক লাইব্রেরির উদ্যোগে আলমগীর সিদ্দিকী হলে গতকাল শনিবার অনুষ্ঠিত এ কবিতা উৎসবে সব বয়সী কবিরা এতে অংশ নেন। পাশাপাশি সাহিত্য সংগঠক ও পৃষ্ঠপোষকরাও উপস্থিত ছিলেন। দিনব্যাপী উৎসবে সাহিত্যের বিভিন্ন বিষয়ে আলোচনা ও কবিতা আবৃত্তিতে অংশ নেন নবীন-প্রবীণ কবিরা। পরে স্বরচিত কবিতা পাঠপর্ব অনুষ্ঠিত হয়। নান্দনিক এ আয়োজনের জন্য যশোর ইনস্টিটিউটের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানে অংশ নেয়া কবি, সাহিত্যিক ও পৃষ্ঠপোষকরা। লাইব্রেরির সম্পাদক এস. নিয়াজ মোহাম্মদের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি ছিলেন ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক ডা. মো. আবুল কালাম আজাদ লিটু। কবি আজীজুল হকের জীবন ও কবিতা নিয়ে আলোচনা করেন কবি ও গবেষক পাবলো শাহি। এসময় সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন কবি কাসেদুজ্জামান সেলিম, মেহাম্মদ শফি, আবু সেলিম রানা, মোয়াজ্জেম হোসেন চৌধুরী টুলু, ছড়াশিল্পী মুস্তাফিজুর রহমান মুস্তাক প্রমুখ। উৎসবের দ্বিতীয় পর্বে সাম্প্রতিক সময়ে কবিতার চর্চা বিষয়ে আলোচনা করেন কবি খসরু পারভেজ। বক্তব্য রাখেন অ্যাডভোকেট শাহরিয়ার বাবু, এসএম আজাহার স্বপন ও এএম মহিউদ্দিন লালু।