নতুন বছরের শুরুর দিন সীমিত পরিসরে যশোরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ

0

স্টাফ রিপোর্টার ॥ বছরের প্রথম দিনে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ শুরু হয়েছে। গতবারের মতো এবারও উৎসব করে বই দেওয়া হচ্ছে না। প্রতিবছর এ দিনে সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো উৎসব করে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্যবই তুলে দেওয়া হয়। সরকারি নির্দেশনা মেনে এবছর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভিন্ন ভিন্ন সময়ে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই দেওয়া শুরু করছে। এরই ধারাবাহিকতায় যশোরে সকল প্রতিষ্ঠানে সীমিত পরিসরে বই বিতরণ করা হয়।
যশোর শহরের মিউনিসিপাল প্রিপ্রারেটরি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়। শনিবার ১ জানুয়ারি সকাল ১১ টায় বিদ্যালয় চত্বরে যশোর পৌরসভার মেয়র ও যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হায়দার গনি খান পলাশ , স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন। যশোর হামিদপুরের রিয়াজুল জান্নাহ হিফয্ ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ করা হয়েছে। সকাল ১১ টায় মাদ্রাসায় প্রাধান অতিথি হামিদপুর আল-হেরা কলেজের সহযোগী অধ্যাপক (অব.) মো. ইসমাইল হোসেন, বিশেষ অতিথি চ্যানেল আই যশোর জেলার প্রতিনিধি ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সেক্রেটারি আকরামুজ্জামান, মাদ্রাসার চেয়ারম্যান এম এ আর মশিউর, পরিচালক খলিলুর রহমান, বাবলুর রহমান এবং প্রতিষ্ঠানের প্রিন্সিপ্যাল হাফেজ মাওলানা মুশফিকুর রহমানসহ অন্যান্য শিক্ষকবৃন্দর উপস্থিতিতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এছাড়া জেলা ও সকল উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এদিকে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা দারুণ খুশি এবং আনন্দে উদ্বেলিত। জানাগেছে, সারাদেশে এ বছর ৩৪ কোটি ৭০ লাখ ২২ হাজার ১৩০ কপি পাঠ্যপুস্তক ৪ কোটি ১৭ লাখ ২৬ হাজার ৮৫৬ জন শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। এর মধ্যে দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পাঠ্যপুস্তক ও ৫টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাতৃভাষায় প্রণীত পাঠ্যপুস্তক রয়েছে এবং এ বিতরণ কার্যক্রম ১২ দিনের মধ্যে শেষ করতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, ষষ্ঠ শ্রেণিতে ১ থেকে ৩ জানুয়ারি, সপ্তম শ্রেণিতে ৪ থেকে ৬ জানুয়ারি, অষ্টম শ্রেণিতে ৮ থেকে ১০ জানুয়ারি এবং নবম শ্রেণিতে ১১ থেকে ১৩ জানুয়ারি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে। অর্থাৎ আগামী ১২ দিনের এ কার্যক্রম সম্পন্ন হবে। এর আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি পাঠ্যবই বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।