উপশহরে দীর্ঘদিন ভাড়া না দিয়ে বাড়ি দখলে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ যশোরে দীর্ঘদিন ভাড়া পরিশোধ না করে ভবন দখলে রাখার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন বাড়ির মালিক খন্দকার আব্দুল মান্নান। সোমবার সকালে প্রেস ক্লাব যশোরে তিনি সংবাদ সম্মেলন করেন।

লিখিত বক্তব্যে খন্দকার আব্দুল মান্নান উল্লেখ করেন, উপশহর ইউনিয়নে তার নিজস্ব ভবনটি ২০২৪ সালের জুন মাসে আরাফাত নাজনীন নামে এক নারীর কাছে ভাড়া দেন। চুক্তি অনুযায়ী প্রথমে মাসিক ভাড়া নির্ধারিত হয় ৬০ হাজার টাকা, যা ২০২৫ সালের জানুয়ারি থেকে ৭০ হাজার টাকায় বৃদ্ধি করা হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই মাস থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ভাড়াটিয়া কোনো ভাড়া পরিশোধ করেননি। এ বিষয়ে একাধিকবার মৌখিকভাবে সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে। পরবর্তীতে ভবনে তালা লাগানো হলে ভাড়াটিয়া তা ভেঙে পুনরায় দখল নেন।

খন্দকার আব্দুল মান্নান আরও জানান, ২০২৫ সালের অক্টোবর মাসে ভাড়াটিয়া আংশিকভাবে ২৫ হাজার টাকা পরিশোধ করেন এবং বাকি টাকা পরিশোধের প্রতিশ্রুতি দেন। তবে, তা বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে ভবন ছাড়ার নোটিস দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে ভবন খালি করা হয়নি।

বাড়ির মালিক দাবি করেন, বর্তমানে প্রায় ২১ মাসের ভাড়া বকেয়া রয়েছে এবং ভাড়াটিয়া বল প্রয়োগের মাধ্যমে অবৈধভাবে ভবন দখল করে আছেন। বিষয়টি সমাধানের জন্য কোতয়ালী থানা ও ডিবি পুলিশের সহায়তা নেওয়া হলেও এখন পর্যন্ত কোনো সমাধান হয়নি। এছাড়া, ভাড়াটিয়ার পক্ষ থেকে হুমকি-ধামকির অভিযোগও উঠেছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে খন্দকার আব্দুল মান্নান প্রশাসনের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ কামনা করেছেন এবং আইনানুগ প্রক্রিয়ায় ভবন উদ্ধারের দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তিনি বলেন, আমার নিজস্ব সম্পত্তি দীর্ঘদিন ধরে ভাড়াটিয়ার অবৈধ দখলে রয়েছে। এমন পরিস্থিতিতে সাধারণ নাগরিকের মতো আমি আদালতের পাশাপাশি প্রশাসনের সহায়তা কামনা করছি, যেন দ্রুত ন্যায্য সমাধান হয়। আমাদের পরিবার নিরাপদ ও শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন তার স্ত্রী নাজমুন নাহার, কন্যা শামীমা আক্তার ও মৌসিনা জিতু।

খন্দকার আব্দুল মান্নান আরও জানান, তিনি ভবনটি ভাড়া দেওয়ার সময় ভাড়াটিয়ার সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। ভাড়া চুক্তিতে সব শর্তাবলী স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছিল। কিন্তু ভাড়াটিয়া দীর্ঘদিন বকেয়া রেখে ভবন দখল করেছেন

আব্দুল মান্নানের দাবি, ভাড়াটিয়া ভবনে তালা ভেঙে প্রবেশ করায় এটি সরাসরি আইন লঙ্ঘনের শামিল। তিনি পুলিশের উপস্থিতি সত্ত্বেও ভাড়াটিয়ার দখল অব্যাহত থাকার বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, ভাড়াটিয়া ভাড়া দেওয়ার শর্ত মানার পরিবর্তে, হুমকি-ধামকি দিয়ে আমার পরিবারকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করেছেন। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।