বাহাদুরপুরে দুই নারীকে কুপিয়ে জখম : যুবক আটক

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার বাহাদুরপুরে দুই নারীকে কুপিয়ে জখমের ঘটনায় অভিযুক্ত শামীম হোসেন নামে এক যুবককে আটক করেছে পুলিশ। গত রোববার দিবাগত রাতে উপশহর বস্তি এলাকা থেকে তাকে আটক করা হয়। এর আগে রোববার বিকেলে বাড়িতে ঢুকে ওই দুই নারীকে কুপিয়ে জখম করেন ওই যুবক।

পুলিশ জানায়, এ ঘটনায় গত রোববার রাতে কোতয়ালি থানায় মামলা করেছেন সুকুমার মজুমদার (৫৫) নামে এক ব্যক্তি। মামলায় তিনি সদর উপজেলার আগ্রাইল লেবুতলা গ্রামের বাহাউদ্দিন শেখের ছেলে শামীম হোসেনকে আসামি করেছেন।

সুকুমার মজুমদারের অভিযোগ, শামীম হোসেন বিভিন্ন সময়ে তিনি হিন্দু সম্প্রদায়ের লোকজনকে নানা ধরনের হুমকি-ধামকি দিয়ে আসছিলেন। এছাড়া তাদেরকে এ দেশ থেকে বিতাড়িত করতে খুন-জখমের ভয়ভীতি দেখিয়ে আসছিলেন।

এরই এক পর্যায়ে গত রোববার বিকেল ৩টার দিকে শামীম হোসেন দা ও লাঠি নিয়ে সুকুমার মজুমদারের বাড়িতে চড়াও হন। বাড়িতে তখন সুকুমার মজুমদারের স্ত্রী কামনা রানী ছিলেন। শামীম হোসেন দা দিয়ে তার মাথায় ৩টি কোপ মারলে কামনা রানী গুরুতর জখম হন।

এ সময় প্রতিবেশী বেবী মজুমদার এগিয়ে এলে তাকেও কুপিয়ে জখম করা হয়। এরই মধ্যে আশপাশের লোকজন এগিয়ে এলে সেখান থেকে পালিয়ে যান শামীম হোসেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই অনুপ কুমার মণ্ডল জানান, গত রোববার দিবাগত রাত ৩টার দিকে অভিযুক্ত শামীম হোসেনকে উপশহর বস্তি এলাকা থেকে আটক করা হয়। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।