চৌগাছায় ট্রাকচাপায় শিশুর মৃত্যু

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার, চৌগাছা (যশোর) ॥ চৌগাছায় ট্রাকচাপায় সাত বছর বয়সী শিশু ইউছুফ আলীর মৃত্যু হয়েছে। সে উপজেলার হাকিমপুর গ্রামের আব্বাস আলীর একমাত্র ছেলে। হাকিমপুর পরশমণি কিন্ডারগার্টেন স্কুলে ১ম শ্রেণিতে পড়তো। সোমবার সকালে হাকিমপুর বাজার সংলগ্ন এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে ইউছুফ আলী স্কুলের উদ্দেশে কাঁধে ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়ে সড়কে এসেই ট্রাকের নিচে চাপা পড়ে। এ সময় ট্রাকের চাকায় শিশুটি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। উত্তেজিত জনতা ট্রাকটি আটক করে এবং শিশুটির মরদেহ নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে থানা পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করে এবং ট্রাক থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী আবুল কাশেম, সোবাহান আলী বলেন, বারবাজারের দিক থেকে বেপরোয়া গতিতে একটি ট্রাক (খুলনা মেট্রো-ট-১১-১৪৭১) ঘটনাস্থলে পৌছে সড়কে ওই শিশুটিকে চাপা দেয় এবং সাথে সাথে তার মৃত্যু হয়।

হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদ আলী বলেন, খবর পেয়ে আমি ছুটে আসি এবং মর্মান্তিক এই দুর্ঘটনা দেখে হতবিহ্বল হয়ে পড়ি।

ঘটনাস্থলে উপস্থিত চৌগাছা থানার এসআই উত্তম কুমার জানান, খবর পেয়ে আমরা দ্রুতই চলে আসি এবং সড়কের অবরোধ তোলার পাশাপাশি আটক ট্রাকটি থানায় নিয়ে আসি।