বাগআঁচড়ায় ৪ ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিককে জরিমানা

0
ছবি: সংগৃহীত।

আজিজুল ইসলাম, বাগআঁচড়া (যশোর) ॥ যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি না মানা এবং সেবার নামে নানা অনিয়মের অভিযোগে বাগআঁচড়া এলাকার চারটি প্রতিষ্ঠানে তল্লাশি চালানো হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শার্শা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম।

ছবি: সংগৃহীত।

এ সময় ভ্রাম্যমাণ আদালত বাগআঁচড়া নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, জোহরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ১০ হাজার টাকা, আল-মদিনা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা ও জনসেবা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম গণমাধ্যমকে জানান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে বেসরকারি স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ফেরাতে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় অনিয়মকারী প্রতিষ্ঠানগুলোকে অর্থদণ্ড করা হয়েছে।

অভিযানে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শুভেন্দু বিশ্বাস এবং শার্শা থানা পুলিশের একটি বিশেষ দল উপস্থিত ছিল।