হৈবতপুরে মেটরসাইকেল প্রতীকের প্রচার গাড়িতে হামলার অভিযোগ

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হরেন বিশ্বাসের মোটরসাইকেল প্রতীকের প্রচার গাড়িতে হামলা হয়েছে। এ সময় তার ৩শ পিস পোস্টার ছিনিয়ে নেওয়া হয়। লাঞ্ছিত করা হয় প্রচার গাড়ির চালকসহ তিনজনকে। শনিবার বিকেলে নাটুয়াপাড়া হিন্দু পাড়ায় ঘটনাটি ঘটে। স্বতন্ত্র প্রার্থী হরেন বিশ্বাস জানান, নাটুয়াপাড়া হিন্দুপাড়ায় মেটরসাইকেল প্রতীকের প্রচার গাড়ি গেলে নৌকার সমর্থক ছোট হৈবতপুর গ্রামের ইমরান ও রহমতপুর গ্রামের মেহেদির নেতৃত্বে হামলা চালানো হয়। তারা এ সময় গাড়ির চালক শাকিল ও মোটরসাইকেল প্রতীকের কর্মী রহমতপুর গ্রামের শান্টু ও রবিউল ইসলাম ওরফে পাগলাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। হরেন বিশ্বাস আরও জানান, ঘটনার সময় হামলাকারীরা মাউথ পিস ও ৩শ পিস পোস্টার ছিনিয়ে নিয়ে যায়। এরআগে তীরেরহাট বাজারে মোটরসাইকেল প্রতীকের প্রচারে বাধা দেওয়া হয় বলে জানান হরেন বিশ্বাস। নৌকা প্রতীকের প্রার্থী আবু সিদ্দিকের দাবি, তার কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।