খুলনায় সাংবাদিকদের সাথে বিএনপির মতবিনিময়: প্রতিটি অপকর্মের জন্য সরকারকে অচিরেই জবাবদিহি করতে হবে

0

স্টাফ রিপোর্টার, খুলনা॥ খুলনা মহানগর বিএনপির আহবায়ক অ্যাড. এস এম শফিকুল আলম মনা বলেছেন, সাজানো পাতানো মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী রেখে সরকার জিয়া পরিবারকে ধ্বংস করতে চায়। ১৬ কোটি মানুষের নেত্রী আজ বিনা চিকিৎসায় মৃত্যু শয্যায়। তার চিকিৎসায় নিযুক্ত মেডিকেল বোর্ড বিদেশে পাঠাতে সুপারিশ করেছে। সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলছেন, দেশে প্রচলিত আইনের ধারায় তাকে বিদেশে পাঠাতে কোন বাঁধা নেই। কিন্ত সরকার কোন কথাই কানে তুলছে না। এই সরকার গুম-খুন-অপহরণ-মিথ্যা মামলায় দুঃশাসন কায়েম করেছে। এদের প্রতিটি কাজের জন্য অচিরেই জবাবদিহি করতে হবে।
মহানগর ও জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণার পর বুধবার (১৫ ডিসেম্বর) খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাকিদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি। দুপুর সাড়ে ১২টায় নগরীর কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিএনপি নেতা মনা বলেন, সরকার পতনের আন্দোলন চূড়ান্ত রূপ দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দল পুর্নগঠনে হাত দিয়েছেন। যার অংশ হিসেবে সারা দেশে বিএনপির পুরানো কমিটি ভেঙে দিয়ে আহবায়ক কমিটি গঠিত হচ্ছে। ৯ ডিসেম্বর খুলনাতে মহানগর ও জেলার আংশিক আহবায়ক কমিটি ঘোষণা হয়েছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ আহবায়ক কমিটি গঠনের পর থানা, ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন হবে। আমাদের এখন লক্ষ্য গণতন্ত্রের সংগ্রামের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা এবং সরকারের পতন তরান্বিত করা।
চলমান পরিস্থিতিতে ঐক্যবদ্ধ ও শক্তিশালী বিএনপি গঠনের কোন বিকল্প নেই বলে দাবি করেন বিএনপি নেতা মনা। বলেন, অতীতে অনেকেই এই দলকে নেতৃত্ব দিয়ে আজকের শক্তিশালী সাংগঠনিক ভিতের ওপর দাঁড় করিয়েছেন। আজ নতুন নেতৃত্ব দায়িত্ব পেয়েছে। আগামী দিনে আমরা অনেকেই থাকবো না। কিন্ত বিএনপি থাকবে। বিএনপির দরজা সবার জন্য খোলা। আমরা সবার সাথে যোগাযোগ করে দলীয় কর্মসূচিতে অংশ নেয়ার আহবান জানিয়েছি। তিনি জানান, খুলনায় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অসংখ্য রাজনৈতিক হয়রানিমূলক মামলা রয়েছে। নতুন আহবায়ক কমিটি এখন থেকে এসব মামলার তদারকি করবে। বিএনপির থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে ১৬ ডিসেম্বর বিকেল ৩টায় নগরীতে মহান বিজয় দিবসের বর্ণাঢ্য র‌্যালী বের হবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা আহবায়ক আমির এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির ও আবু হোসেন বাবু।