রাজবাড়ীতে বজ্রপাতে বাবার মৃত্যু: কোল থেকে ছিটকে পড়ে অলৌকিকভাবে বাঁচল শিশু সাফিয়া।

0
মেঘের ঘনঘটার মাঝে মুদি দোকানে যাওয়াই কাল হলো রাজবাড়ীর সুমনের, প্রাণে রক্ষা পেল ৩ বছরের মেয়ে।। ছবি: সংগৃহীত

রাজবাড়ী সদর উপজেলায় মুদি দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মণ্ডল (৩৪) নামের এক ব্যক্তির করুণ মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের মজ্জৎকোল গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। এ সময় সুমনের কোলে থাকা তাঁর সাড়ে তিন বছর বয়সী শিশু সন্তান সাফিয়া কোল থেকে ছিটকে পড়ে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যায়।

নিহত সুমন মণ্ডল ওই গ্রামের সিদ্দিক মন্ডলের ছেলে। তিনি আগে রাজবাড়ীর সাগর অ্যাগ্রো মিলে শ্রমিকের কাজ করতেন; তবে সম্প্রতি চাকরি ছেড়ে বাড়িতেই অবস্থান করছিলেন। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় সুমন তাঁর শিশু কন্যা সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের একটি দোকানে যাচ্ছিলেন। পথে হঠাৎ তীব্র বজ্রপাত হলে শিশুটি কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন।

স্বজনেরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রওশনয়ারা আক্তার জানান, সুমনের সাথে তাঁর শিশু কন্যাটিকেও আনা হয়েছিল। শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। সদর উপজেলা কৃষি কর্মকর্তা ও মিজানপুর ইউনিয়নের প্রশাসক জনি খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।