প্রার্থী সানোয়ারের অভিযোগ: সুক্ষ্ম কারচুপির মাধ্যমে চৌগাছার স্বরূপপুরে নৌকা ফলাফল পরিবর্তন করা হয়েছে

0

স্টাফ রিপোর্টার॥ চৌগাছার স্বরূপদহে পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী সানোয়ার হোসেনের অভিযোগ সুক্ষ্ম কারচুপির মাধ্যমে ফলাফলের পরিবর্তন করা হয়েছে। তিনি এক সপ্তাহ আগে অনুষ্ঠিত ওই নির্বাচনের ফলাফল বাতিল করে পুনরায় ভোটের দাবি করেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেস ক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১১ নভেম্বর চৌগাছার স্বরুপদহ ইউপি নির্বাচনে একটি বিশেষ মহল গভীর ও সুক্ষ্ম কারচুপি করে ও ষড়যন্ত্র করে আমার (নৌকা) ফলাফল পরিবর্তন করেছে। বিশেষ মহল স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী নুরুল কদরের কাছ থেকে বিশেষ সুবিধা নিয়েছেন। যার কারণে ভোট কেন্দ্রগুলোতে স্বতন্ত্র প্রার্থীর মদদে নৌকার সিল মারা ভোট বাতিল দেখানোসহ সুক্ষ্ম কারচুপি করে শ শ নৌকা প্রতীকের ভোট চুরি করা হয়েছে। এ সময় তিনি সাংবাদিকদের কাছে কয়েকটি কেন্দ্রের ফলাফল উলে¬খ করেন। এর মধ্যে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সাঞ্চাডাঙ্গা ও কাকুড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ৫০টি , ২ নং খড়িঞ্চা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের ৪৪টি নৌকার ভোট বাতিল দেখানো এবং এর বাইরে ৩ নং বহিলাপোতা সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ৩২টি, ৪ নং ওয়ার্ড টেঙ্গুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৮২ টি, স্বরুপদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৪টি, মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৮টি, দিঘড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩২টি, মাসিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪০টি ও গয়ড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭২টি নৌকার সিল মারা ব্যালট বাতিল দেখানো হয় বলে তিনি জানান। তিনি বলেন, আমি সরকার দলের মনোনীত প্রার্থী হলেও মূলত ওইদিন নির্বাচনের মাঠে দাপট ছিলো স্বতন্ত্রপ্রার্থীর। ওই প্রার্থীর পক্ষে বিশেষ একটি প্রভাবশালী মহল কাজ করছিলো। যারা আমার বিরুদ্ধে সব সময় প্রভাব বিস্তার করে। ভোটের ফলাফল পরিবর্তনের নেপথ্যে সরকার দলের একজন জনপ্রতিনিধির মদদ ছিলো বলে তিনি অভিযোগ করেন। তবে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সেই জনপ্রতিনিধির নাম উল্লেখ করতে চাননি। সংবাদ সম্মেলন থেকে তিনি পুনরায় নির্বাচনের দাবি ও চূড়ান্ত গেজেট প্রকাশ না করার জন্য নির্বাচন কমিশনের কাছে দাবি করেন। এ ব্যাপারে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন বলে জানান। একই সাথে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানান। তিনি বলেন, ভোট কারচুপি না হলে আমি বিপুল ভোটের ব্যবধানে জয়ী হতাম। ষড়যন্ত্র করে আমাকে পরাজিত করা হয়েছে। এ নিয়ে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের মাঝে তীব্র অসন্তোষ রয়েছে বলে তিনি জানান। সংবাদ সন্মেলনে উপস্থিত ছিলেন স্বরুপদহ ইউনিয়নের আওয়ামী লীগ নেতা চুন্নুমিয়া,মোস্তাফিজুর রহমান, সোহরাব হোসেন,রহমত আলী প্রমুখ।