নারী শিশুদের সুরক্ষা নিয়ে যশোরে কর্মশালা

0

স্টাফ রিপোর্টার ॥ মানব পাচার ও অনিয়মিত অভিবাসন থেকে নারী ও শিশুদের সুরক্ষা নিয়ে যশোরে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব যশোর মিলনায়তনে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ‘ডিরাপটিং ক্রস বর্ডার ট্রাফিকিং নেটওয়াকর্স ইন বাংলাদেশ প্রজেক্ট’ এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাক যশোরের ম্যানেজার দেবনাথ মন্ডলের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সম্পাদক এসএম তৌহিদুর রহমান। কর্মশালায় মানব পাচার ও অনিয়মিত অভিবাসন থেকে নারী ও শিশুদের সুরক্ষা নিয়ে আলোচনা করেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রোগ্রাম হেড মো. সাইফুল হাসান। কর্মশালায় আলোচকরা বলেন, শ্রম অভিবাসনের নামে আমাদের দেশে প্রতিনিয়ত নারী-কিশোরী পাচার হচ্ছে। এসব ক্ষেত্রে এখন সামাজিক যোগাযোগের নানা মাধ্যম ব্যবহার করা হচ্ছে। আর এর বেশি ভয়াবহ শিকার হচ্ছে যশোরসহ বেশ কয়েকটি জেলার নারী ও শিশুরা। কক্সবাজারের পরেই মানব পাচারে যশোরের অবস্থান রয়েছে। তাই এখন থেকে সকল পেশার মানুষকে পাচার রোধে সতর্ক হতে হবে। কর্মশালায় অংশগ্রহণকারীরা মানব পাচার প্রতিরোধ নিয়ে নানা অসঙ্গতির কথা তুলে ধরেন। বিশেষ করে দীর্ঘ বিচার প্রক্রিয়াকেই মানব পাচার রোধের মূল অন্তরায় হিসেবে চিহ্নিত করে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন তারা।