কালীগঞ্জে নৌকার মনোনয়ন বাতিলের দাবিতে বঞ্চিত প্রার্থীর সমর্থকদের মানববন্ধন

0

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা॥ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে কালীগঞ্জ উপজেলার কোলা বাজারে ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এতে দলটির স্থানীয় নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ নানা শ্রেণি পেশার অসংখ্য মানুষ অংশ নেয়। মনোয়ার হোসেন বাদশার মনোনয়নপত্র বাতিল চেয়ে ফেস্টুন ছিল অংশ গ্রহণকারীদের হাতে।
এ সময় বক্তব্য দেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তারেক মোল্লা, আওয়ামী লীগ নেতা নোয়াব আলী, সাবুর আলী, রবিউল ইসলাম সবুজ, জন প্রতিনিধি তিথি রানীসহ অন্যান্যরা । বক্তারা বলেন, ৩য় ধাপের ইউপি নির্বাচনে কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নে নারী কেলেংকারী, অনিয়ম ও দুর্নীতির দায়ে অভিযুক্ত মনোয়ার হোসেন বাদশাকে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে ক্ষুন্ন হচ্ছে আওয়ামী লীগের ভাবমূর্তি। তাই মনোনয়ন পরিবর্তন করে বর্তমান চেয়ারম্যান আয়ুব হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান তারা। পরে সেখানে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। উল্লেখ্য, মনোয়ার হোসেন বাদশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আসন্ন ২৮ নভেম্বর ৩য় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ৩নং কোলা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তিনি।