শান্তর সেঞ্চুরির পর মোস্তাফিজের ফাইফার, সিরিজ জিতলো বাংলাদেশ

0
সিরিজ নির্ধারণী ম্যাচে বল হাতে কিউই শিবিরে কাঁপন ধরালেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।। ছবি: সংগৃহীত

হার দিয়ে সিরিজ শুরু করলেও দাপুটে জয়ে শেষটা রাঙালো বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান স্টেডিয়াম) সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে নিজেদের করে নিল মেহেদী হাসান মিরাজের দল।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে টেনে তোলেন নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। লিটন ৭৬ রানে আউট হলেও শান্ত তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে সেঞ্চুরি। ৯টি চার ও ২টি ছক্কায় সাজানো তার ১০৫ রানের অনবদ্য ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করে টাইগাররা।

২৬৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুতেই মোস্তাফিজুর রহমানের তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। কিউই ওপেনার কেলি ৮০ বলে ৫৯ রান এবং শেষদিকে ডিন ফক্সক্রফট ৭৫ রানের লড়াকু ইনিংস খেললেও মোস্তাফিজের বিধ্বংসী বোলিংয়ের সামনে বাকিরা সুবিধা করতে পারেননি। মোস্তাফিজ একাই শিকার করেন ৫টি উইকেট, যা তার ক্যারিয়ারের ষষ্ঠ ‘ফাইফার’। ৪৪ ওভার ৫ বলে ২১০ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। ব্যাট হাতে শান্তর সেঞ্চুরি আর বল হাতে মোস্তাফিজের রাজসিক পারফরম্যান্সে ঘরের মাঠে স্মরণীয় এক জয় পেল বাংলাদেশ।