যশোর বোর্ডের এসএসিতে বাংলা দ্বিতীয়পত্রে বহিষ্কার ২

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ শান্তিপূর্ণভাবে যশোর শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি দ্বিতীয় দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় বাংলা (আবশ্যিক) ২য় পত্র পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে অসদুপায় অবলম্বনের দায়ে ২জনকে বহিষ্কার করা হয়েছে। চলতি বছর এসএসসি পরীক্ষায় এ বোর্ডের আওতায় ১০ জেলায় ২৯৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আব্দুল মতিনের দপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য মতে, বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলা (আবশ্যিক)২য় পত্র পরীক্ষায় নকলের দায়ে বাগেরহাটের ফকিরহাটের একজন শিক্ষার্থী ও মেহেরপুরের বেতবাড়িয়ার এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদিন পরীক্ষায় অনুপস্থিত ছিল এক হাজার ৪৮২ জন। অনুপস্থিতির হার ১ দশমিক ৩৩ শতাংশ। গতবছর এ পরীক্ষায় অনুপস্থিতি আরো বেশি ছিল। ২০২৫ সালের বাংলা ২য় পত্রে অনুপস্থিত ছিল দুই হাজার ৯ জন। শতকরা ১ দশমিক ৪৮ শতাংশ।

এ বছর ২৯৯টি কেন্দ্রে বাংলা ২য় পত্রের পরীক্ষার্থী ছিল এক লাখ ১১ হাজার ৭৪১ জন। পরীক্ষা দিয়েছে এক লাখ ১০ হাজার ২৫৯ জন।

ফকিরহাট (বাগেরহাট)সংবাদদাতা জানান, ফকিরহাট উপজেলার মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা কক্ষে এনড্রয়েড মোবাইল পাওয়ায় এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। লুকিয়ে পরীক্ষার কক্ষে মোবাইল ফোন নিয়ে নকল করার অপরাধে তাকে বহিষ্কার করা হয়।

বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে ফকিরহাট উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণ করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।