প্রধানমন্ত্রীর আগমন ঘিরে যশোরে উন্নয়নের দাবিতে মানববন্ধন

0
ছবি: লোকসমাজ।

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে যশোরের সার্বিক উন্নয়ন নিশ্চিতের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় বিভিন্ন সামাজিক ও অরাজনৈতিক সংগঠন। দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে যশোরকে একটি আধুনিক ও পরিকল্পিত নগরীতে রূপান্তরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা), ‘স্থানীয় প্রতিকার’, সচেতন নাগরিক সমাজ ও জাতীয় তরুণ সংঘ যশোর জেলা শাখার যৌথ উদ্যোগে এ মানববন্ধন হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে জাতীয় তরুণ সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ ফজলুল হক বলেন, যশোর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার হলেও অবকাঠামোগত উন্নয়নের ঘাটতির কারণে এর সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না।

তিনি যশোর-বেনাপোল মহাসড়ককে ছয় লেনে উন্নীতকরণ, যশোর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা, যশোরকে পর্যটন নগরী হিসেবে ঘোষণা, বসুন্দিয়াকে ইপিজেড থানা ঘোষণা, আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ ও একটি আধুনিক শিশু পার্ক স্থাপনের দাবি জানান।

বক্তারা বলেন, যশোরের উন্নয়ন শুধু এ জেলার মানুষের জন্যে নয়, বরং দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা উল্লেখ করেন, যশোর-বেনাপোল স্থলবন্দর দেশের অন্যতম বৃহৎ বাণিজ্যিক প্রবেশপথ হওয়ায় সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন অত্যন্ত জরুরি। একই সঙ্গে আন্তর্জাতিক মানের বিমানবন্দর গড়ে তোলা হলে বৈদেশিক যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে।

জাতীয় তরুণ সংঘ যশোর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট আবু মুরাদ বলেন, আমাদের এই দাবিগুলো বাস্তবায়িত হলে শুধু যশোর নয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আরও ২২টি জেলার মানুষ সরাসরি উপকৃত হবে। এতে কর্মসংস্থান বৃদ্ধি পাবে ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

মানববন্ধনে মতিউর রহমান চাকলাদার, নুরুজ্জামান, লতা মাহমুদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা সবাই একসুরে যশোরের উন্নয়নে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।