বাগেরহাটে সামাজিক দূরত্ব না মানায় ৫৮ জনকে জরিমানা

বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব না মানায় ৫৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে জরিমানার ৩০ হাজার ৮১০ টাকা আদায় করা হয়। গত ২৪ ঘণ্টায় বাগেরহাটের ৯ উপজেলার বিভিন্ন এলাকায় কয়েকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।  বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহীনুজ্জামান বলেন, বাগেরহাটের মানুষকে ঘরবন্দি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে জেলা প্রশাসনের ৩০ টিরও বেশি ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছেন। সামাজিক দূরত্ব না মেনে চলার অপরাধে জেলার বিভিন্ন স্থানের ৫৮ জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।
বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, ‘করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও মানুষের ঘরে থাকা নিশ্চিত করতে আমরা নানারকম প্রচার-প্রচারণা চালিয়েছি। যা এখনও অব্যাহত রয়েছে। এরপরেও কিছু অতিউৎসাহী মানুষ বিনা প্রয়োজনে ঘরের বাইরে আসছেন। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে’।

ভাগ