সংবাদ সম্মেলনে অভিযোগ কেশবপুরে প্রভাবশালীর বিরুদ্ধে মামলা করে বাদীর পরিবার নিরাপত্তাহীন

0

স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর)॥ যশোরের কেশবপুরে বসতভিটার পানি সরানো নিয়ে বিরোধে প্রভাবশালীদের বিরুদ্ধে মামলা করে বাদী ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। গতকাল মঙ্গলবার দুপুরে কেশবপুর প্রেসক্লাবে উপজেলার সাগরদত্তকাটি গ্রামের পার্বতী মন্ডল সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্য পাঠকালে পার্বতী মন্ডল বলেন, তাদের বসত বাড়িতে যাতায়াতের রাস্তার পাশে জমে থাকা বৃষ্টির পানি সরানোকে কেন্দ্র করে এলাকার প্রভাবশালী সুকুমার জোয়াদ্দারের সাথে তার কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে গত ২১ জুলাই সকালে সুকুমার জোয়াদ্দারের ছেলে সুজিত জোয়াদ্দার, সুকান্ত জোয়াদ্দারসহ ৪/৫ জন যুবক তার বসতভিটায় অনধিকার প্রবেশ করে তাকে ও তার স্বামী ভীম মন্ডলকে অশ্লীল ভাষায় গালমন্দ করতে থাকে। ওই সময় তার স্বামী প্রতিবাদ করলে বিবাদি একত্রিত হয়ে বাঁশের লাঠি, সাবল দিয়ে তাকে ও তার স্বামীকে এলোপাতাড়িভাবে মারপিট করে আহত করে। এরই মধ্যে সুজিত জোয়াদ্দার তার হাতে থাকা কোদাল দিয়ে পার্বতী মন্ডল ও তার স্বামীকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দিয়ে মারাতœক রক্তাক্ত জখম করে।
এ ঘটনায় পার্বতী মন্ডল বাদী হয়ে বিবাদীদের আসামী করে কেশবপুর থানায় মামলা করেছেন। মামলা নং- ১৩। এ ঘটনায় পুলিশ ৩ জন আসামিকে আটক করে আদালতে সোপর্দ করে। এরমধ্যে সুজিত জোয়াদ্দার জেলহাজতে থাকলেও অন্য আসামিরা জামিনে মুক্ত হয়ে পার্বতী মন্ডল ও তার পরিবারকে আদালত থেকে মামলা তুলে নেয়াসহ স্বাক্ষীদের প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে। মামলা তুলে না নিলে হাত, পা কেটে নেয়াসহ গ্রামছাড়া করার হুমকি দিচ্ছে। যে কারণে তিনি জীবনের নিরাপত্তা চেয়ে গত ৩০ জুলাই কেশবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। মামলা নং- ১২৯৮। এ সময় উপস্থিত ছিলেন, দয়াল মন্ডল, নারায়ন মন্ডল, ভীম মন্ডল, যুধিষ্টি মন্ডল প্রমুখ।