সোনালি আঁশে সোনালি দিন ফুলতলার আইয়ান জুট মিলে

0

শামসুল আলম খোকন, ফুলতলা ( খুলনা ) ॥ সোনলি আঁশে সোনালি দিন ফিরে এসেছে খুলনার ফুলতলার আইয়ান জুটমিলে। মাত্র ১০ বছরে যেমন মিলটি লাভের মুখ দেখছে তেমনি এখানে প্রায় ৫ হাজার মানুষের কর্ম সংস্থান হয়েছে। এর মাধ্যেমে সজীব হচ্ছে আমাদের পাটশিল্প ও পাটের সাথে জড়িত কৃষক সমাজ। প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের দাবি বেশি বেশি এ জাতীয় শিল্প স্থাপন করে জাতীয়ভাবে কর্মসংস্থান সম্ভব-সম্ভব বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতি শক্তিশালী করা।
খুলনা ফুলতলার বেজেরডাঙ্গা -ভাটপাড়ার সড়ক সংলগ্ন দক্ষিণডিহিতে ২২ একর জমিতে প্রতিষ্ঠিত আইয়ান জুট মিল লিমিটেড। দৈনিক ১২ মেট্রিক টন উৎপাদন নিয়ে মিলটি ২০১১ সালে যাত্রা শুরু করে । ইসলামি ব্যাংকের অর্থায়নে বর্তমানে মিলের দৈনিক উৎপাদন ১৫০ থেকে ১৬০ মেট্রিক টন । কর্মরত রয়েছেন প্রত্যক্ষ পরোক্ষ প্রায় ৫ হাজার নারী পুরুষ শ্রমিক এবং ২৫০ জন কর্মকর্তা কর্মচারী। দেশিয় উন্নত মানের পাট থেকে উৎপাদিত পাটের সুতা , বস্তা , চট বিদেশে রফতানি হয়ে থাকে। আর এর ওয়েস্টেজ রাস্তা নির্মাণের জ্বালানী , লেপ তোষকের বিকল্প তুলাসহ নানা কাজে ব্যবহৃত হচ্ছে। মিলটির প্রয়োজনীয় পাট ফরিদপুর, শিবপুর, জামালপুর, সরিষাবাড়ী, পাবনা, বুরঙ্গমারি, রাজশাহী, বগুড়া, সাতক্ষীরা, ও যশোর থেকে সংগ্রহ করা হয় । মিলটিতে বছরে ১১ থেকে ১২ লক্ষ মেট্রিকটন কাঁচা পাটের প্রয়োজন হয় । ইতিমধ্যে ২১৬ কোটি টাকা মুল্যের ৯ লক্ষ মেট্রিকটন পাট ক্রয় করে নিজ গুদামজাত করা হয়েছে । এ মিলের উন্নতমানের পাট থেকে উৎপাদিত পাটের সুতা, চট ও বস্তা বিশ্বের ৩৭ টি দেশে সুনামের সাথে রফতানি হয়ে থাকে । রফতানিকারক দেশগুলোর মধ্যে প্রতিমাসে তুরস্কে ১৭ লক্ষ ডলার , চীনে ১১ লক্ষ ডলার, ইউরোপে ৮ লক্ষ ডলার মূল্যের পাটজাত পণ্য রফতানি হয়ে থাকে । বেসরকারি পর্যায়ে এ জুট মিলটি সেরা প্রতিষ্ঠান হিসেবে ২০১৭- ১৮ এবং ২০১৮-১৯ অর্থবছরে জাতীয় পর্যায়ে সেরা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে
ট্রফি গ্রহণ করেছে । এছাড়া ২০১৮ -১৯ অর্থবছরে মংলা বন্দর ব্যবহারকারী সেরা প্রতিষ্ঠান হিসেবে আইয়ান জুট মিল পুরস্কৃত হয়েছে । মিলের শ্রমিকদের যাতায়তের জন্য ২০ টি বাসের ব্যাবস্থা করা হয়েছে ৩ টি শিফট অনুযায়ী ফুলতলা, ডুমুরিয়া, মনিরামপুর, কেশবপুর, কালিয়া, নড়াইল থেকে শ্রমিকদের আনা – নেওয়া করা হয়। মিলের শ্রমিক-কর্মচারীরা জানান, যতবেশি পাটকল গড়ে উঠবে আমাদের কৃষকদের উৎপাদিত পাটের চাহিদা বাড়বে। তারা ন্যায্য দামও পাবে। জুট মিলটির পরিচালক তরুণ শিল্পপতি রাজীব সোনালী দিন ফিরিয়ে আনা প্রসঙ্গে বলেন , পাটের বহুমুখি ব্যবহার নিশ্চিত করতে সরকার ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের উদ্যোগ নিতে হবে। গার্মেন্টস শিল্পে পাটের সুতার ব্যাবহার , গাড়ির ড্যাস বোর্ড , ইনটেরিয়ার তৈরি, পর্দা এবং কাগজ শিল্পের কাঁচামাল হিসেবে বেশি বেশি পাট ব্যবহারে মনোযোগ দিতে হবে। আমাদের দেশে পাটের সুতা আমদানি করে পাকিস্তান, চীন ভারতের হস্ত শিল্প গড়ে উঠেছে। তাহলে কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব ।