ফাইনাল পাতানোর অভিযোগ উড়িয়ে দিলেন সাঙ্গাকারা-জয়াবর্ধনে

0

লোকসমাজ ডেস্ক॥ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে ২৮ বছর পর শিরোপা জিতেছিল ভারত। সেই ফাইনালের পর এখন পর্যন্ত সময় গড়িয়েছে ৯ বছরেরও বেশি সময়। এতদিন এ নিয়ে কিছু না বললেও আজ হুট করেই শ্রীলঙ্কার সাবেক ক্রীড়া মন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগে সে বিশ্বকাপ ফাইনাল নিয়ে বেশ সরব। সেই বিশ্বকাপ ফাইনালটি পাতানো ছিল বলে দাবি করে বসেন তিনি।
তবে শ্রীলঙ্কার সাবেক এই ক্রীড়া মন্ত্রীর এমন দাবিকে স্রেফ উড়িয়ে দিলেন দেশটির দুই কিংবদন্তি ক্রিকেটার কুমারা সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনে। সেই বিশ্বকাপে লঙ্কানদের অধিনায়ক ছিলেন সাঙ্গাকারা। এই ক্রিকেটার সেই ফাইনালের পূর্ণ তদন্ত দাবি করে দুর্নীতি দমন ইউনিটের কাছে অভিযোগটি নিয়ে যেতে বলেন। অপরদিকে সেই ফাইনালে সেঞ্চুরি করা জয়াবর্ধনে সাবেক এই ক্রীড়া মন্ত্রীকে উদ্দেশ্য করে নাম ও প্রমাণ জানতে চান। ২০১১ বিশ্বকাপের ফাইনালে টসে জিতে আগে ব্যাটিং করে শ্রীলঙ্কা। জয়াবর্ধনের অসাধারণ এক সেঞ্চুরির উপর ভর করে বিশ্বকাপ ফাইনালের রেকর্ড ২৭৪/৬ স্কোর দাঁড় করায় শ্রীলঙ্কা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার গৌতম গম্ভীর এবং অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির ব্যাটে ভর করে ১০ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় ভারত। জিতে নেয় দ্বিতীয় ওয়ানডে বিশ্বকাপের শিরোপা। সেই ফাইনাল নিয়ে আজ (১৮ জুন) সাবেক ক্রীড়া মন্ত্রী অতুলগামাগে বলেন, ‘আমি আপনাদের আজ বলছি, আমরা ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছি। আমি নিজে সে সময় ক্রীড়া মন্ত্রী ছিলাম। সেই আমি বিশ্বাস করি সেই বিশ্বকাপ ফাইনাল বিক্রি হয়েছিল।’ এমন অভিযোগের প্রমাণ দিতে বলে জয়াবর্ধনে টুইট করে লিখেন, ‘নির্বাচন কি খুব কাছে? মনে হচ্ছে সার্কাস শুরু হয়ে গেছে। নাম ও প্রমাণ কই?’ একই সুরে কথা বলেছেন লঙ্কানদের সেই ম্যাচের অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তিনি নিজের ফেসবুকে এমন অভিযোগ নিয়ে বলেন, ‘সাবেক মন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগে নিজের ‘প্রমাণ’ নিয়ে আইসিসি ও দুর্নীতি বিরোধী ইউনিটের কাছে যাওয়া দরকার। যেন অভিযোগের পূর্ণ তদন্ত হতে পারে। এটা খুবই দুর্বোধ্য যে, এমন মারাত্মক একটি বিষয় সামনে আনার জন্য তিনি এতো দিন অপেক্ষা করেছেন! স্মৃতি ঠিক থেকে থাকলে আমার মনে হয়, সে সময় তিনিই ক্রীড়া মন্ত্রী ছিলেন।’