বিএনএসবি ট্রাস্টি বোর্ডের সভাপতি ডা. রফিকুল ইসলাম বাবলুকে হেনস্তার প্রতিবাদে যশোরে মানববন্ধন

0
যশোর ২৫০ শয্যা হাসপাতালের সামনে ডা. রফিকুল ইসলাম বাবলুকে হেনস্তা ও বিএনএসবি বোর্ড ভেঙে দেওয়ার প্রতিবাদে চিকিৎসকদের মানববন্ধন।। ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টার || মব সৃষ্টি করে বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ড ভেঙে দেয়া ও বোর্ডের সভাপতি বিএমএ ও ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. মোঃ রফিকুল ইসলাম বাবলুকে অপদস্ত করার প্রতিবাদে যশোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ড্যাব যশোর জেলা শাখা শনিবার দুপুর ২টায় ২৫০ শয্যা বিশিষ্ট যশোর জেনারেল হাসপাতালে এ মানববন্ধনের আয়োজন করে। মানববন্ধনে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ড্যাব সহ সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ রবিউল ইসলাম তুহিন, যশোর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. মোঃ শরিফুল আলম খান, ডক্টরস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ডা. মোঃ ওহিদুজ্জামান, ডা. মোঃ আতাহার তুর্য।

যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ হুসাইন শাফায়াত, মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও শিশু বিভাগের অধ্যাপক ডা. মোঃ আহমদ ফেরদৌস জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক ডা. মোঃ এসএম নাজমুল হক, আর এম ও ডা. মোঃ আহসান কোভিদ বাপ্পি, কনসালটেন্ট ডা. মোঃ তুমিজুদ্দিন, সহকারী অধ্যাপক ডা. গাজী শরিফ আহমদ সহ চিকিৎসক নার্স ও কর্মচারীরা মানববন্ধনে অংশ নেন।

বক্তারা বলেন, ডা. মোঃ রফিকুল ইসলাম বাবলু একজন স্বজ্জন ব্যক্তিত্ব। একজন এমপির উপস্থিতিতে তাকে এভাবে হেনস্তা করা ও অপদস্ত করা অপরাধের শামিল। আমরা কাজের নিরাপত্তা চাই।

বক্তাগন এ সময় এ ধরনের কাজে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও তাকে পুনরায় স্বপদে বহাল রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।