ফেসবুকে আপক্তিকর মন্তব্যে আ.লীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেতার মামলা

0

শেখ মাসুদ হোসেন, সাতক্ষীরা ॥ আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সাতক্ষীরার কলারোয়া থানায় মামলা করেছেন এক ছাত্রলীগ নেতা। রবিবার রাতে থানায় মামলাটি রেকর্ড করা হয়। মামলাটি দায়ের করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন। মামলায় আসামি করা হয়েছে, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. মনিরুজ্জামানকে (মন্ময় মনির)। তিনি সদরের ছয়ঘরিয়া এলাকার মৃত. অয়েজউদ্দীনের ছেলে। বর্তমানে তিনি কলারোয়া পৌরসভার মুরারীকাটি এলাকার বাসিন্দা। এ ছাড়া সাতক্ষীরা সদরের আলীপুর সীমান্ত আদর্শ কলেজের সমাজকল্যাণ বিভাগের সহকারী অ্যধাপক।
কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন জানান, সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম এর মৃত্যুর পরপরই শনিবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেন মন্ময় মনির। তিনি লেখেন, ‘বড় বড় চোরদের মৃত্যুতে রাষ্ট্রনায়কেরা ব্যথিত হবেন শোক প্রকাশ করবেন এটাও বেদনার, এটাও শোকের।’ ফেসবুকে লেখাটি দেখে আমি মর্মাহত হয়েছি। আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক মন্ময় মনির বলেন আমি কারও নাম মেনশন করে স্ট্যাটাস দিইনি। তাছাড়া বিষয়টি নিয়ে অনেকে আপত্তি করায় আমি তা প্রত্যাহার করে নিয়ে ক্ষমা প্রার্থনা করেছি। আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।’ এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনীর উল গিয়াস বলেন, আওয়ামী লীগ নেতার মৃত্যুর পর আপত্তিকর ফেসবুক স্ট্যাটাস দেয়ার অভিযোগে ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর হোসেন ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন।