মনিরামপুরে আম্পান ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বিভাগীয় কমিশনার

0

স্টাফ রিপোর্টার,মনিরামপুর (যশোর) ॥ প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় অম্পানের তাণ্ডবে মনিরামপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার ড. আনোয়ার হাওলাদার। শুক্রবার বিকেলে তিনি উপজেলার চালুয়াহাটি এলাকা পরিদর্শন করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল অরিফ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী, ইউপি চেয়ারম্যান সরদার আবদুল হামিদ প্রমুখ। নির্বাহী কর্মকর্তা জানান, চালুয়াহাটি গ্রামের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কৃষক মোশাররফ হোসেনের বাড়ি পরিদর্শনে গিয়ে বিভাগীয় কমিশনার সান্ত্বনা দেন। এ সময় বিভাগীয় কমিশনার ক্ষগ্রিস্তদের দ্রুত সাহায্য প্রদানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়া মশ্বিমনগর ইউনিয়নের পারখাজুরা গ্রামে গাছ চাপায় স্বামী স্ত্রী, পিতা-পুত্রসহ নিহত পাঁচ জনের প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে অনুদান প্রদানের সিদ্ধান্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, নিহত পাঁচ জনের পরিবার এ অনুদান অচিরেই পাবেন। বুধবার রাতে ঘূর্ণিঝড় আম্পানে গাছ চাপা পড়ে নিহত হন পারখাজুরা গ্রামের খোকন দাস(৭০) ও তার স্ত্রী বিজন দাসী(৬০), ওয়াজেদ আলী(৫০) ও তার ছেলে মো. ইসা(১৫) এবং একই পাড়ার মৃত জবেদ আলীর স্ত্রী আছিয়া বেগম(৭০)।