সুপ্রিম কোর্ট খোলার সিদ্ধান্ত ৫ মে পর্যন্ত স্থগিত

0

লোকসমাজ ডেস্ক॥ করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে সুপ্রিম কোর্ট পরিচালনার সিদ্ধান্ত আগামী ৫ মে পর্যন্ত স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। রবিবার (২৬ এপ্রিল) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট) বিচারপতিদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফুল কোর্ট সভায় যোগ দেন। ওই সভায় বিচারপতিদের সঙ্গে আলোচনা করে সীমিত পরিসরে সুপ্রিম কোর্ট খোলার সিদ্ধান্ত আগামী ৫ মে পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল সুপ্রিম কোর্ট খোলার বিষয়ে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, উদ্ভূত পরিস্থিতিতে কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে অতি জরুরি বিষয়গুলো শুনানির জন্য আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামান আপিল বিভাগের চেম্বার কোর্ট এবং হাইকোর্ট বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সব অধিক্ষেত্রের অতি জরুরি বিষয়গুলো শুনানির নিমিত্তে হাইকোর্ট বিভাগের কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। তবে সুপ্রিম কোর্ট প্রশাসনের সিদ্ধান্ত নিয়ে আইনজীবীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এর ফলে সুপ্রিম কোর্ট খোলার সিদ্ধান্ত আগামী ২৭ এপ্রিল পর্যন্ত স্থগিত রাখা হয়। পাশাপাশি প্রধান বিচারপতি এ বিষয়ে আলোচনার জন্য ফুল কোর্ট সভা ডাকেন। ওই সভার সিদ্ধান্ত অনুসারে সুপ্রিম কোর্ট খোলার সিদ্ধান্তের ওপর স্থগিতাদেশ আগামী ৫ মে পর্যন্ত বৃদ্ধি করে সুপ্রিম কোর্ট প্রশাসন।