উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীতে পানি বৃদ্ধি, সিলেটে বন্যার আশঙ্কা

0
হাওর অববাহিকায় নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি, সিলেটে বন্যার আশঙ্কা।। প্রতীকী ছবি: এআই/লোকসমাজ

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার সুরমা, কুশিয়ারা, মনু, খোয়াই ও জুড়ি নদীর পানি বেড়ে প্রাক-মৌসুমি বিপৎসীমা অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সোমবার (২৭ এপ্রিল) পানি উন্নয়ন বোর্ডের দেওয়া পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি কিছুটা কমলেও ভুগাই-কংস নদীর পানি বেড়েছে। বর্তমানে নদীগুলো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও সাম্প্রতিক মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত পরিস্থিতিকে জটিল করে তুলতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী তিন দিন উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে সুরমা, কুশিয়ারা, খোয়াই ও জুড়ি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কর্মকর্তা পার্থ প্রতীম বড়ুয়া জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল পর্যন্ত পানি বিপৎসীমা অতিক্রম না করলেও আগামীকাল তা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। এছাড়া ধনু-বাউলাই ও ভুগাই-কংস নদীর পানি বৃদ্ধির ফলে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার কিছু এলাকায় পানি সতর্কসীমা ছুঁতে পারে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ২৮ এপ্রিল বেলা ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।