যশোরের রেল বাজারে অতিরিক্ত খাজনা আদায় নিয়ে উত্তেজনা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের রেলবাজারে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদ করায় গতকাল বৃহস্পতিবার সকালে মাছ ব্যবসায়ীদের ওপর হামলা চালায় ইজারাদারের লোকেরা। মারধর করে তাদের কাছ থেকে টাকা পয়সা কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার সময় একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি টিম এবং পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রেলবাজারের মাছ ব্যবসায়ী কুরবান ও চান আলীসহ বেশ কয়েকজন অভিযোগ করেন, এমনিতেই করোনাভাইরাস সংক্রান্ত দুর্যোগময় পরিস্থিতির কারণে তারা ঠিকমত ব্যবসা করতে পারছেন না। তার ওপর আবার তাদের কাছ থেকে জোর করে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে। এতোদিন তারা দৈনিক ৩০ টাকা করে খাজনা দিয়ে এসেছেন। কিন্তু এখন তাদের কাছ থেকে জোরপূর্বক ৭০/৮০ টাকা করে খাজনা আদায় করছে ইজাদারের লোকজন। কয়েকদিন ধরে বেজপাড়া টিবি কিনিক এলাকার ট্যাবলেট সোহেল, ষষ্ঠীতলার চায়না, নিশান ও বুনো মানিকসহ কয়েকজন সন্ত্রাসী ইজাদারের লোক পরিচয়ে তাদের ওপর এভাবে জুলুম করছে। ফলে তারা এ থেকে পরিত্রাণ পেতে গত মঙ্গলবার ও বুধবার তারা পৌর কাউন্সিলর আলমগির হোসেন হাজি সুমনের কাছে গিয়েছিলেন অভিযোগ জানাতে।
অভিযোগকারীরা জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে ফের ওই সন্ত্রাসীরা নিজেদের ইজাদারের লোক পরিচয়ে তাদের কাছে অতিরিক্ত খাজনা দাবি করে। কিন্তু তারা দিতে অস্বীকার করায় মারধর করে থাকা টাকা পয়সা লুট করে নেয়া হয়। ফলে তারা আর সহ্য করতে না পেরে একজোট হয়ে সন্ত্রাসীদের ধাওয়া করেন। অবস্থা বেগতিক দেখে সন্ত্রাসীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, এ খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহার নেতৃত্বে সেনাসদস্যরা ঘটনাস্থলে যান। চাঁচড়া ফাঁড়ির পুলিশ কর্মকর্তারাও সেখানে আসেন। এ সময় তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা স্থানীয় পৌর কাউন্সিলর আলমগীর হোসেন সুমনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করেন। এরপর কাউন্সিলর আওয়ামী লীগ নেতা ফিরোজ খান ও তার ভাই ব্যবসয়ী স্বপন খানসহ কয়েকজনকে সাথে নিয়ে রেলবাজারে আসেন। এ সময় কাউন্সিলরের উপস্থিতিতে ব্যবসায়ীরা হামলাকারীদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহার কাছে অভিযোগ করেন। কিন্তু ব্যবসায়ী স্বপন খান বারবার সেখান থেকে ব্যবসায়ীদের সরিয়ে নেয়ার চেষ্টা করেন। সূত্র জানায়, ব্যবসায়ীদের কাছ থেকে এ সব অভিযোগ শুনে নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা পৌর কাউন্সিলর সুমনকে বাজারের পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেন।