স্বাস্থ্য মহাপরিচালকের ভিডিও কনফারেন্স : যশোরে করোনা ভাইরাস মোকাবেলায় আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ

0

স্টাফ রিপোর্টার॥ প্রাণঘাতি করোনা ভাইরাস মোকাবেলায় জরুরি পদক্ষেপ গ্রহণের জন্যে প্রস্তুতি নেয়ার নিদেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই নির্দেশনা পাওয়ার পর যশোর জেলা স্বাস্থ্য বিভাগের ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
যশোর ২৫০ শয্যা হাসপাতাল সূত্রে জানা যায়, গতকাল সোমবার হাসপাতালের সভাকক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর আবুল কালাম আজাদ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স করেন। কনফারেন্সে সিভিল সার্জন অফিসের কর্মকর্তা, যশোর ২৫০ শয্যা হাসপাতাল ও মেডিকেল কলেজের প্রতিনিধিরা অংশ নেন। কনফারেন্সে বাংলাদেশ স্বাস্থ্য বিভাগের ওই কর্মকর্তা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের কাছে জানতে চান জরুরি পরিস্থিতিতে করোনা ভাইরাস মোকাবেলায় আপনাদের করণীয় কি ? পরিস্থিতি মোকাবেলায় আপনারা কতটা প্রস্তুত। তিনি উদাহরণ দিয়ে বলেন, এই মুহূর্তে যদি যশোরে করোনা ভাইরাসে আক্রান্ত ৫০০ রোগী হয়, তাহলে আপনারা কি করবেন ? বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি গ্রহণ করেন। এরপর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের মাঝে তোলপাড় শুরু হয়ে যায়। সিভিল সার্জন আবু শাহীন তার কার্যালয়ে স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও শহরের বিভিন্ন কিনিক মালিকদের নিয়ে সভা করেন। সেখানে জরুরি পরিস্থিতি মোকাবেলায় কিনিকগুলো করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের রাখার সিদ্ধান্ত হয়। কিনিক মালিকরা এ বিষয়ে সম্মতি দেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ভিডিও কনফারেন্স এবং সিভিল সার্জন কার্যালয়ে জরুরি সভার বিষয়টি নিশ্চিত করেন যশোর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক দিলীপ কুমার রায়। তিনি বলেন, মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকের কাছে একটি চিঠি এসেছে। এ বিষয়ে আজ একটি কমিটি গঠন করা হবে। তিনি আরও বলেন, হাসপাতালে যে কোন মুহূর্তে সর্বোচ্চ ১০ জন রোগী রাখার মত প্রস্তুতি আমাদের আছে। সংখ্যা যদি বেশি হয় তাহলে ডেঙ্গুর মত হাসপাতালের একটি ভবনে আমরা বিভিন্ন কিনিকে রোগী শিফট করবো।