চলন্ত বাসে মেডিকেল শিক্ষার্থীর শ্লীলতাহানির অভিযোগে আটক ১

0

স্টাফ রিপোর্টার ॥ গতকাল সোমবার দুপুরে চলন্ত বাসের মধ্যে মেডিকেল কলেজের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে যশোরে হাবিবুর রহমান হাবিব নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি খুলনার গিলেতলা এলাকার আবু বক্কারের ছেলে। তবে শ্লীলতাহানির ঘটনায় ওই ছাত্রীর পরিবার পুলিশের কাছে লিখিত কোন অভিযোগ দায়ের করেনি। সম্মানহানির কারণ দেখিয়ে পরিবারটি অভিযোগ দিতে চায়নি বলে জানিয়েছে পুলিশ।কোতয়ালি থানা পুলিশের ইনসপেক্টর (তদন্ত) শেখ তাসমীম আলম জানান, ওই ছাত্রী মেডিকেল কলেজে পড়াশোনা করেন। সোমবার দুপুরে তিনি খুলনা থেকে রূপসা পরিবহনের একটি বাসে করে যশোরে আসছিলেন। তার পাশের যাত্রী ছিলেন একজন নারী। কিন্তু খুলনা থেকে যশোরে আসার পথে মেডিকেলের ছাত্রী ঘুমিয়ে পড়েন। পথে রূপদিয়ায় পৌঁছালে ঘুম ভেঙ্গে গেলে তিনি দেখতে পান, পাশের সিটে একজন পুরুষ বসে আছেন। ওই ব্যক্তি তার শ্লীলতাহানির চেষ্টা করছেন। এ সময় তিনি ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেন। ওই বাসে একজন পুলিশ কনস্টেবল যাত্রী ছিলেন। তিনি চিৎকার শুনে এগিয়ে যান। পরে পুলিশের ওই কনস্টেবল অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন। এরপর বাসটি যশোরে এসে পৌঁছালে আটক ব্যক্তিকে কোতয়ালি থানায় সোপর্দ করা হয়। পুলিশের ওই কর্মকর্তা বলেন, খবর পেয়ে ছাত্রীর সাথে তার পরিবারের লোকজনও থানায় এসেছিলেন। কিন্তু তারা মান সম্মানের ভয়ে থানায় লিখিত অভিযোগ দিতে রাজি হননি। তাদেরকে অভিযোগ দিতে বোঝানো হয়েছিলো। কিন্তু তারা কোন প্রকার রাজি হননি।