রাজগঞ্জে খাবারের দাম বেড়ে যাওয়ায় গরু বিক্রি করে দিচ্ছেন খামারিরা

0

ওসমান গণি, রাজগঞ্জ (যশোর) ॥ যশোরের মনিরামপুর উপজেলার রাজগঞ্জে গরুর খাবারের দাম বেড়ে যাওয়ায় বেকায়দায় পড়েছেন খামারিরা। অনেকেই বাড়তি টাকা যোগাড় করতে না পেরে গরু বিক্রি করে দিচ্ছেন। আবার কিছু খামারি চড়ামূল্যে খাবার কিনে আর্থিক তির সম্মুখীন হচ্ছেন। খোঁজ নিয়ে জানা গেছে, রাজগঞ্জ এলাকার বিভিন্ন গ্রামের অনেকেই ৩/৪টা এঁড়ে গরু পালন করছেন। গরু মোটাতাজা করার জন্য প্রতি দিন প্রায় ৩ শ টাকা খরচ হচ্ছে বলে গরু পালনকারীরা জানিয়েছেন। কিন্তু খাবারের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে তারা গরু পালন করতে হিমশিম খাচ্ছেন। গত এক সপ্তাহের ব্যবধানে দুই দফা গরুর খাবারের মূল্য বেড়েছে। বিচালী কাউন প্রতি ২ হাজার টাকা বেড়েছে। বর্তমানে সাড়ে ৪ থেকে ৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ধানের কুড়া প্রতি কেজিতে ৫ টাকা বেড়ে ১৩ টাকায় বিক্রি হচ্ছে। চালের খুদ ৯ টাকা বেড়ে ২৯ টাকায় বিক্রি হচ্ছে। গমের ভুসি ৬ টাকা বেড়ে ৩৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বুটের ভুসি ১০ টাকা বেড়ে ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। সয়াবিনের খৈল কেজি প্রতি ১৪ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৪২ টাকায়। ছোলার ভুসি ১৫ টাকা বেড়ে ৫৫ টাকা কেজি বিক্রি হচ্ছে। এ দিকে গরু মোটা তাজা করার খাবার ও ভুট্টার গুড়ার দামও বেড়েছে। ভুট্টার গুড়া প্রতি কেজিতে ৮ টাকা বেড়ে ২৮ টাকায় বিক্রি হচ্ছে। মোবারকপুর গ্রামের খামার মালিক আলতাফ হোসেন জানান, হঠাৎ করে গরু খাদ্যের দাম বেড়েছে। বর্তমান বাজার মূল্যে এ খাদ্য কিনে গরু পালনে লোকসান হবে। রাজগঞ্জের আকবর আলী জানান, তিনি চড়া মূল্যে বিচালীসহ বিভিন্ন খাবার কিনে গরু পালন করেছেন। ৬ মাস পর গরু বিক্রি করে লাভ না হয়ে আয় ব্যয় সমান হয়েছে। তিনি আর গরু পালন করবেন না বলে জানান।