যশোরে শহরে মুন্না হত্যাকাণ্ডে ৪ জনের বিরুদ্ধে মামলা

0

স্টাফ রিপোর্টার ॥ যশোর শহরের বড় বাজারের মাছবাজার এলাকায় শেখ ইমরান হোসেন মুন্না খুনের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে কোতয়ালি থানায় মামলা হয়েছে। নিহতের চাচা চুড়িপট্টির হাজি আব্দুল করিম সড়কের বাসিন্দা শেখ রেজাউল ইসলাম রেজু সন্ত্রাসী পলাশসহ ৪ জনকে আসামি করে এ মামলা দায়ের করেন। তবে হত্যাকাণ্ডের ৩ দিন পার হয়ে গেলেও পুলিশ জড়িত সন্ত্রাসীদের কাউকে আটক করতে পারেনি।
শেখ ইমরান হোসেন মুন্না খুনের মামলার আসামিরা হচ্ছে শেখহাটির শহিদুলের ছেলে পলাশ (বর্তমানে ঘোপের হলুদ মিলের পাশে মামার বাড়িতে বসবাসরত), লোন অফিসপাড়ার পলিপ স্কুল বস্তির মৃত দুলালের ছেলে শিমুল, যশোর কথ স্টোরের পুরনো বাড়ির ভাড়াটিয়া আলমাসের ছেলে রাকিব ও কাঠেরপুলের হাসিনার বাড়ির ভাড়াটিয়া রনির ছেলে ছোট হৃদয়। এছাড়া মামলায় অজ্ঞাতনামা আরো ২/৩ জনকে আসামি করা হয়েছে।  উল্লেখ্য, গত ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় বড় বাজারের মাছবাজার এলাকায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন মাছের আড়তের কর্মচারী। সেখানকার কোজ সার্কিট ক্যামেরার ভিডিও ফুটেজে হত্যার পর সন্ত্রাসীদের দৌড়ে পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। ওই ভিডিও ফুটেজ বর্তমানে পুলিশের হাতে রয়েছে। কিন্তু হত্যাকাণ্ডে জড়িতরা শনাক্ত হলেও তাদেরকে আজো আটক করতে পারেনি পুলিশ।