ধর্ষণ চেষ্টার তদন্ত : লিখিত সাক্ষ্য দিলেন ইন্টার্ন চিকিৎসক ও অভিযোগকারী

0

স্টাফ রিপোর্টার॥ ধর্ষণ চেষ্টার অভিযোগে যশোর ২৫০ শয্যা হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ডা. তন্ময় কুমার মধু’র বিরুদ্ধে গতকাল তদন্ত অনুষ্ঠিত হয়েছে। ৩ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. অজয় কুমার সরকার, সদস্য সচিব আরএমও ডা. মো. আরিফ আহমেদ ও সদস্য সহকারী অধ্যাপক শিশু ডা. মো. ইমদাদুল হক ঘটনা তদন্ত করেন। আরএমও’র কার্যালয়ে অনুষ্ঠিত তদন্ত টিমের সামনে অভিযুক্ত ডা. তন্ময় কুমার মধু ও অভিযোগকারী ঢাকা সেন্ট্রাল ‘ল’ কলেজের ছাত্রী লিখিত সাক্ষ্য প্রদান করেন। তদন্ত টিমের কোন সদস্য এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। তত্ত্বাবধায়ক ডা. দিলীপ কুমার রায়ের সাথে আলাপ করলে তিনি বলেন, এখনো রিপোর্ট জমা পড়েনি। জমা পড়লে বলা যাবে। ছাত্রী সাংবাদিকদের সামনে মুখ খুলতে রাজি হননি। একটি সূত্র জানিয়েছে, তারা দু’জনই বিয়ের পিঁড়িতে বসতে রাজি হয়েছেন। গত ২৭ জানুয়ারি ওই ছাত্রী তত্ত্বাবধায়কের কাছে ডা. তন্ময় কুমারের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার লিখিত অভিযোগ দেন। ওই অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ জানুয়ারি ওই ছাত্রী গ্রামের বাড়িতে বেড়াতে যান। যেখানে তন্ময় মধু তার সাথে সম্পর্ক করার প্রস্তাব দেয় এবং বিয়ে করার কথা বলে। তার প্রস্তাবে অভিযোগকারী সম্মত হয়। এক পর্যায়ে মধু তাকে ধর্ষণের চেষ্টা করে। এ অভিযোগের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক ২৮ জানুয়ারি ঘটনা তদন্তে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করেন। ৭ কর্ম দিবসের মধ্যে তাদের রিপোর্ট জমা দেয়ার কথা। গতকাল ওই তদন্ত অনুষ্ঠিত হয়।