খেলার খবর

0

২৫ করলেই ধোনিকে ছাড়াবেন কোহলি
লোকসমাজ ডেস্ক ॥ তার ব্যাটে রেকর্ড কথা বলে! ব্যাপারটা হয়ে গেছে এমন— হয় রেকর্ড ভাঙতে যাচ্ছেন, কিংবা নতুন কোনও রেকর্ড গড়লেন তিনি। অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর বিরাট কোহলি যেন আরও ভয়ংকর। অল্প সময়ের মধ্যে প্রাপ্তির খাতায় যোগ করেছেন অসংখ্য অর্জন। এই যেমন তাকে হাতছানি দিয়ে ডাকছে আরেকটি কীর্তি। মাত্র ২৫ রান করতে পারলেই টি-টোয়েন্টিতে অধিনায়ক হিসেবে পেছনে ফেলবেন পূর্বসূরি মহেন্দ্র সিং ধোনিকে। বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে ২-০ এগিয়ে থাকা ভারত। হ্যামিল্টনের ম্যাচটি জিতলে পাঁচ ম্যাচের সিরিজ জিতে নেবে সফরকারীরা দুই ম্যাচ হাতে রেখেই। আর এ ম্যাচেই ২৫ রান করলে অধিনায়ক কোহলি টি-টোয়েন্টি ইতিহাসের সর্বোচ্চ রান করা অধিনায়কের তালিকায় তৃতীয় স্থানে উঠে যাবেন ধোনিকে সরিয়ে। এই মুহূর্তে ১ হাজার ৮৮ রান নিয়ে চতুর্থ স্থানে কোহলি। তার ওপরে থাকা ধোনি অধিনায়ক হিসেবে করেছেন ১ হাজার ১১২ রান। তবে হ্যামিল্টনের ম্যাচে সাবেক অধিনায়ককে টপকে যাওয়ার সুযোগ কোহলির সামনে। তখন ওপরে থাকবেন শুধু নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন (১ হাজার ১৪৮) ও শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফাফ ডু প্লেসি (১ হাজার ২৭৩)। একসঙ্গে আরেকটি রেকর্ডও ডাকছে কোহলিকে। আর একটি ৫০ ছাড়ানো ইনিংস খেলতে পারলে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ হাফসেঞ্চুরি করা তালিকায় শীর্ষস্থানটা তিনি ভাগাভাগি করবেন ডু প্লেসি ও উইলিয়ামসনের সঙ্গে। টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে ৫০টি ছক্কা মারার মাইলফলক থেকেও খুব একটা দূরে নেই কোহলি। এই কীর্তিটি এখন আছে শুধু ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানের। অধিনায়ক কোহলি ওভার বাউন্ডারির ‘ফিফটি’ থেকে ৭ ছক্কা দূরে। নিউজিল্যান্ড সফরটা দারুণ কাটছে ভারতের। প্রথম ম্যাচে কিউইদের করা ২০৩ রানও তারা টপকে যায় এক ওভার হাতে রেখে। ৬ উইকেটের জয়ের আত্মবিশ্বাস নিয়ে দ্বিতীয় ম্যাচে জিতেছে ৭ উইকেটে।

সময় পাল্টাচ্ছে না আইপিএলে, থাকবে কনকাশন সাব
স্পোর্টস ডেস্ক ॥ আইপিএলের ম্যাচের সময় এগিয়ে আনা হবে- গত কয়েকমাস ধরে এমন জল্পনা-কল্পনা চলছিল ভারতীয় ক্রিকেটে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী জানিয়ে দিয়েছেন, সময় পাল্টাচ্ছে না আইপিএলের। তবে বেশ কিছু পরিবর্তন দেখা যাবে এবারের মৌসুমে। এতদিন শোনা যাচ্ছিল, ব্রডকাস্টারদের কথা মাথায় রেখে আইপিএল ম্যাচ শুরু হতে পারে ভারতীয় সময় ৭টা থেকে। আইপিএল গভর্নিং কাউন্সিলের সভায় সময় পাল্টানোর বিষয়টি গুরুত্ব পায়নি। সভা শেষে বিসিসিআই সভাপতি বলেছেন, ‘আইপিএলে রাতের খেলায় সময়ের কোনও পরিবর্তন আনা হবে না। ম্যাচ শুরু হবে ৮টায় (বাংলাদেশ সময় সাড়ে ৮টায়।)’ দিনপ্রতি দুটি ম্যাচ না রাখার বিষয়টি পুরোপুরি বাতিল হয়নি এই মৌসুমে। সভার পর জানানো হয়েছে, মাত্র ৫দিন দুটো করে ম্যাচ খেলা হবে। সৌরভ জানিয়েছেন, ‘আমাদের ৫দিন দুটি করে ম্যাচ থাকবে। একটি ৪টা (ভারতীয় সময়), আরেকটি ৮টায় (ভারতীয় সময়)। আমরা এবার দিনে দুটি করে ম্যাচের সংখ্যা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছি।’ সবচেয়ে বড় যে পরিবর্তন আসছে, সেটি হলো- কনকাশন সাব ও নো বল ডাকতে তৃতীয় আম্পায়ারের ব্যবহার। গাঙ্গুলী বলেছেন, এই মৌসুমে চালু হবে এসব পরিবর্তন, ‘এই মৌসুমে কনকাশন সাব ও নো বলের জন্য তৃতীয় আম্পায়ার ব্যবহার করা হবে।’ সভা শেষে সিদ্ধান্ত হয়েছে, আইপিএল শুরুর আগে আইপিএলের সব তারকাদের নিয়ে একটি টুর্নামেন্টও অনুষ্ঠিত হবে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী আইপিএলের ১৩তম সংস্করণ শুরু হবে আগামী ২৯ মার্চেই। ফাইনাল খেলা হবে ২৪ মে, মুম্বাইয়ে।

নিরাপদেই দেশে ফিরেছে বাংলাদেশ দল
লোকসমাজ ডেস্ক ॥ নিরাপত্তা ইস্যুতে তিনধাপে পাকিস্তান সফর করছে বাংলাদেশ। এরই মধ্যে প্রথমধাপের সফর শেষ করে ঢাকায় পা রেখেছে পুরো দল। তবে প্রাপ্তির খাতা শূন্য! তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ হারের পর শেষ ম্যাচটি ভেসে গেছে বৃষ্টিতে। সেই রাতেই বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইট ধরেন মাহমুদউল্লাহ রিয়াদরা। বাংলাদেশ দল দেশে পৌঁছেছে সোমবার দিবাগত রাত ৩টায়! ফল হওয়া দুই ম্যাচেই বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। প্রথম ম্যাচে তবুও কিছুটা লড়াই করতে পেরেছিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে পাত্তাই পায়নি সফরকারীরা। সব মিলিয়ে প্রথমধাপের পাকিস্তান সফরে বাংলাদেশের সঙ্গী শুধু একরাশ হতাশা।
সেই হতাশা সঙ্গী করেই রাতে বিমান ধরতে হয়েছে বাংলাদেশকে। দেশে ফিরে অবশ্য ব্যস্ত হয়ে পড়বেন ক্রিকেটাররা। একদিন বিরতি দিয়ে তারা নেমে পড়বেন বিসিএলের প্রস্তুতিতে। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে বিসিএল। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই লংগার ভার্সনের এই টুর্নামেন্টটি খেলবেন। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ পাকিস্তান সফর করছে তিনধাপে। প্রথম ধাপের সফর শেষ হওয়ায় ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দ্বিতীয় দফা পাকিস্তান যাবে বাংলাদেশ দল। ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিন্ডিতে খেলবে একটি টেস্ট। আরও একটি টেস্ট ও একটি ওয়ানডে খেলতে বাংলাদেশ তৃতীয় দফা পাকিস্তান যাবে এপ্রিলে।

প্রথম দল হিসেবে পয়েন্ট কাটা গেলো প্রোটিয়াদের
লোকসমাজ ডেস্ক ॥ ঘরের মাঠে প্রথম টেস্ট জিতে দারুণ সম্ভাবনা জাগিয়েছিল দক্ষিণ আফ্রিকা। অথচ পরের তিন টেস্টে সেই প্রোটিয়ারাই খেলো নাকানি-চুবানি। ইংল্যান্ডের কাছে সিরিজ হারের হতাশা তো ছিলই। তাদের আরও যন্ত্রণা বাড়িয়েছে স্লো ওভার রেটের জরিমানা। ধীর গতির ওভার রেটে ম্যাচ ফির ৬০ শতাংশ কেটে নেওয়া হবে প্রোটিয়াদের। একই সঙ্গে কেটে নেওয়া হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের ৬টি পয়েন্ট! আইসিসির নতুন নিয়মে প্রোটিয়ারাই প্রথম দল, যাদের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে পয়েন্ট কাটা গেলো। মূল স্পিনার কেশব মহারাজ ছিলেন না প্রোটিয়াদের দলে। তার ওপর কোনও স্পিনারও ব্যবহার করেননি ফাফ দু প্লেসি। যার ফল- নির্ধারিত সময়ে ৩ ওভার কম করেছে প্রোটিয়ারা। শেষ টেস্টটি তারা হেরেছে ১৯১ রানের বিশাল ব্যবধানে। জোহানেসবার্গে দুই দলই ভরসা রেখেছে পেস আক্রমণে। এমনতি টেস্টে ধুঁকতে থাকা প্রোটিয়াদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে এই পয়েন্ট কর্তন। টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে মাত্র ১টি জয় ও ৬টি হারে সপ্তমস্থানে রয়েছে প্রোটিয়ারা। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জেতায় জমা পড়েছিল ৩০ পয়েন্ট। এখন পয়েন্ট কাটা যাওয়ায় সেটি হবে ২৪ পয়েন্টে!

বার্সেলোনায় রদ্রিগো?
লোকসমাজ ডেস্ক ॥ মৌসুম শেষ হয়ে গেছে লুইস সুয়ারেজের। তার জায়গায় নতুন স্ট্রাইকার খুঁজছে বার্সেলোনা। সেই তালিকায় অনেকের সঙ্গে শোনা যাচ্ছে রদ্রিগোর নাম। সত্যিই যে ভ্যালেন্সিয়া স্ট্রাইকারকে আনার চেষ্টা চলছে, সেটি নিশ্চিত করেছেন বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। আর্সেনাল থেকে পিয়েরে-এমেরিক অবামেয়াংকে কেনার গুঞ্জনও উড়ছে শীতকালীন দলবদলের বাতাসে। দিনকয়েক আগে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মুন্দো দেপোর্তিভো খবর দিয়েছিল, আর্সেনালের গ্যাবন স্ট্রাইকার ‘ওকে’ বলেছেন বার্সেলোনাকে। এখন নাকি তার সঙ্গে চুক্তির অন্যান্য বিষয়ে সমঝোতার চেষ্টা করছে কাতালানরা। তার পাশাপাশি আলোচনায় আছেন রদ্রিগোও। স্প্যানিশ স্ট্রাইকারের প্রতি আগ্রহের কথা স্বীকার করলেন বার্তোমেউ। তার সঙ্গে আলোচনার বিষয়টিও নিশ্চিত করেছেন বার্সেলোনা প্রধান, ‘অন্য দলের খেলোয়াড়কে নিয়ে আমি কিছু বলতে পারি না। তবে আলোচনার টেবিলে রদ্রিগোর নাম রয়েছে।’ চোট আক্রান্ত সুয়ারেজের বদলি তারা খুঁজছে। তবে সেটি কোথা থেকে পূরণ হবে, তা এখনও নিশ্চিত নন বার্তোমেউ, “বদলি তো অবশ্যই লাগবে এবং হবেও। জানি না সেটি বার্সেলোনা ‘বি’ থেকে নাকি বাইরে থেকে আসবে। অনেক খেলোয়াড়ই তো আমার পছন্দের!” রিয়াল মাদ্রিদের একাডেমি থেকে উঠে আসা রদ্রিগোর কখনও মাদ্রিদের ক্লাবটির মূল দলে খেলার সুযোগ হয়নি। বেনফিকায় পাঁচ মৌসুম কাটিয়ে ২০১৪ সাল থেকে খেলছেন ভ্যালেন্সিয়ার জার্সিতে। তার বর্তমান ক্লাবের কাছেই আগের ম্যাচে ২-০ গোলে হেরেছে বার্সেলোনা। তাতে শীর্ষ থেকে দ্বিতীয় স্থানে নেমে যেতে হয়েছে তাদের। অবশ্য হারলেও দলের পারফরম্যান্স নিয়ে চিন্তিত নন বার্তোমেউ, ‘আমি মোটেও চিন্তা করছি না। আমরা কাজ করছি এবং কঠোর পরিশ্রম করছি। আমরা নতুন কোচ সেতিয়েনকে পেয়েছি, আর তার ওপর আমাদের আস্থা আছে।’