শেরপুর থেকে অপহৃত ব্যক্তি মাগুরায় উদ্ধার আটক দুই

0

স্টাফ রিপোর্টার ॥ শেরপুর থেকে অপহৃত আব্দুল খালেক (৪৭) নামে এক ব্যক্তিকে মাগুরায় উদ্ধার করেছেন র‌্যাব সদস্যরা। এ সময় খেলনা পিস্তলসহ দুজনকে আটক করা হয়েছে। র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন শেরপুর থেকে আব্দুল খালেক নামে এক ব্যক্তিকে অপহরণ করে দুর্বৃত্তরা মাগুরা সদর উপজেলার কাশিপুর এলাকায় অবস্থান করছে। এ খবর পেয়ে গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেন। এ সময় সেখান থেকে ১টি ওয়াকিটিকি ও ১টি খেলনা পিস্তলসহ দুই অপহরণকারীকে আটক করা হয়। এরা হলেন-মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর গ্রামের নায়েব আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩) ও আনসার মোল্লার ছেলে ইয়াসিন আলী (২৫)।