বাগেরহাট সংবাদদাতা ॥ বাগেরহাটে বিজয় উৎসব ও বইমেলা জমে উঠেছে। বিকেল থেকে রাত পর্যন্ত বইমেলায় পাঠক ও দর্শনার্থীর ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বইমেলা উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভায় দেশবরেণ্য ব্যক্তিদের উপস্থিতি বইমেলাকে আরও সমৃদ্ধ করছে। মুজিববর্ষ উপলক্ষে এই বইমেলায় নানা বয়সী মানুষের সমাগম ঘটছে। এবারের এই বইমেলায় ক্রেতা ও বিক্রেতা উভয়ে খুশি। অনেক শিশু বাবা-মায়ের সাথে এসে তাদের পছন্দের বই কিনছে। রবিবার রাতে বইমেলায় আসেন মুক্তিযুদ্ধের সংগঠক বিশিষ্ট অভিনেতা সৈয়দ হাসান ইমাম, তার স্ত্রী নৃত্যশিল্পী ও অভিনেত্রী লায়লা হাসান। বইমেলা ঘুরে ঘুরে দেখেন এই দম্পতি। এ সময় বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামরুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন পুলক দেবনাথ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীনসহ বাগেরহাটের বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চলতি মাসের ২২ ডিসেম্বর বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে “এসো বিজয় আনন্দে বইমেলা প্রাঙ্গনে” এই প্রতিপাদ্য নিয়ে ১০ দিনব্যাপী বইমেলা শুরু হয়। প্রতিদিনই বাগেরহাটের বিশিষ্ট ব্যক্তিদের আগমন ঘটে মেলাপ্রাঙ্গনে। দিন শেষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয় দর্শনার্থীদের জন্য। বাগেরহাটের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, মুজিব বর্ষকে সামনে রেখে আমরা এই বইমেলার আয়োজন করেছি। বই পড়ার প্রতি তরুণ-তরুণীদের আকৃষ্ট করতে আমাদের এই আয়োজন।
কেশবপুরে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৭ শতাধিক দরিদ্র রোগীকে সেবা প্রদান
স্টাফ রিপোর্টার, কেশবপুর (যশোর) ॥ যশোর কেশবপুরের হেল্থ কেয়ার হসপিটাল মজিদপুর ইউনিয়ন পরিষদে ফ্রি মেডিকেল ক্যাম্প বসিয়ে হতদরিদ্র রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেছে। সোমবার সকাল নয়টায় মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর পলাশ এই মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন। হেল্থ কেয়ার হসপিটালের সত্ত্বাধিকারী ও সাবেক সিভিল সার্জন ডা. জিকেএম শামসুজ্জামান ছাড়াও ডা. আনোয়ার হোসেন, ডা. গোলাম মুক্তাদির, ডা. জুয়েল ও ডা. গাজী খান আশরাফুজ্জামান ওই রোগীদের চিকিৎসা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবীর হোসেন, ইউপি মেম্বার আব্দুল লতিফ, সাইফুল ইসলাম, দেলোয়ার হোসেন, মোহাম্মদ আলী প্রমুখ। ডা. জিকেএম শামসুজ্জামান বলেন, এ ক্যাম্পের মাধ্যমে ৭ শতাধিক হতদরিদ্র রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ইতোপূর্বে ত্রিমোহিনী ও সাগরদাঁড়ি ইউনিয়নে দরিদ্রদের চিকিৎসা সেবাসহ ফ্রি ওষুধ প্রদান করা হয়। পর্যায়ক্রমে কেশবপুর উপজেলার ১৪৪ টি গ্রামে অন্তত একটি করে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হবে।
বটিয়াঘাটায় আ.লীগ নেতার মায়ের পরলোকগমন, শোক
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা ॥ আওয়ামী লীগ বটিয়াঘাটা উপজেলা শাখার সহ-সভাপতি প্রদীপ বিশ্বাসের মাতা সুভাষিনী বিশ্বাস (১০১) সোমবার সকালে গজালমারী নিজ বাসভবনে পরলোকগমন করেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৩ পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকেলে চক্রাখালী মুক্তিধাম মহাশশ্মানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সুভাষিনী বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরা হলেন-উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল আলম খান, সাধারণ সম্পাদক দিলীপ হালদার, সহ-সভাপতি অধ্যাপক ফিরোজুর রহমান, মীর মোহম্মদ আলী, আকরাম হোসেন, সাংগঠনিক সম্পাদক অনুপ গোলদার, বিএম মাসুদ রানা, স্বপন কুমার সরকার, চঞ্চলা মন্ডল, ওয়াহিদুর রহমান, মোশারফ হোসেন, গোবিন্দ মল্লিক, গোবিন্দ রায়, খলিলুর রহমান, জাকির হোসেন লিটু, রাজ কুমার রায় প্রমূখ।
বাগেরহাটে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিএনপির বিক্ষোভ সমাবেশ
বাগেরহাট সংবাদদাতা ॥ গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে বিক্ষোভ সমাবেশ করেছে বাগেরহাট জেলা বিএনপি। সোমবার শহরে জেলা বিএনপি কার্যালয়ে সবাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী রেজা বাবু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ আলী রবি, জেলা কৃষক দলের সভাপতি আসাফুদৌলা জুয়েল, বিএনপি নেতা আবুল কালাম আজাদ, মোস্তফা রহমান মোজা, সেলিম ভুইয়া, শাহিন খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দীপ প্রমুখ।
এদিকে একই দাবিতে বাগেরহাট শহরের হোটেল ক্যাসেল আশারা মিলনায়তনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম গোরার সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান। বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক, জেলা যুবদলের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন, বিএনপি নেতা ওয়াহিদুল ইসলাম পল্টু, শেখ জিল্লুর রহমান, নেওয়াজ মো. গোলাম রসুল, আহসান আহমেদ ঠান্ডা, মল্লিক মিজানুর রহমান মজনু প্রমুখ।
সুন্দরবনে অস্ত্র গুলিসহ বনদস্যু প্রধান সিদ্দিকসহ গ্রেফতার তিন
শেখ মাসুদ হোসেন, সাতক্ষীরা ॥ সুন্দরবনে র্যাবের অভিযানে বনদস্যু সিদ্দিক বাহিনী প্রধান সিদ্দিকসহ তিন বনদস্যু গ্রেফতার করেছে র্যাব। এ সময় অস্ত্র গুলি নগদ টাকা উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ গ্রামের জুম্মান আলী গাজীর ছেলে সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকুর রহমান (৩৪), তার সহযোগি কালিঞ্চি গ্রামের আকবর আলী তলফদারের ছেলে আব্দুল্লাহ তলফদার (৩৩) ও হরিনগর গ্রামের আহম্মদ আলীর ছেলে মহিদুল ইসলাম (৪৫)।
র্যাব-৬ এর অধিনায়ক লে: কর্ণেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সুন্দরবনের মহেশ্বরীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিকসহ দুইজনকে গ্রেফতার করা হয়। এবং তিনটি দেশীয় পাইপগান, ১৫ রাউন্ড কার্তুজ, ২ টি রামদা, ৩ টি মোবাইল ফোন, ৩ টি সিম কার্ড ও নগদ ১৫ হাজার ৪০০ টাকার উদ্ধার করা হয়। তিনি আরো ও বলেন, সিদ্দিক বাহিনীর প্রধান সিদ্দিক প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে ভারতে পালিয়ে থাকা জিয়া বাহিনীর সাথে তার সম্পৃক্ততা আছে। তাদের প্রত্যেকের নামে জেলার বিভিন্ন থানায় অস্ত্র ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
সাতক্ষীরার বাঁকাল চেকপোষ্ট থেকে দুই মাছ চোরাকারবারী আটক
শেখ মাসুদ হোসেন, সাতক্ষীরা ॥ ভারত থেকে অবৈধভাবে ট্রাক ভর্তি ১ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ আনার সময় সাতক্ষীরার বাঁকাল চেকপোষ্ট এলাকা থেকে দুই চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। রোববার রাতে তাদের আটক করা হয়। আটক দুই চোরাকারবারী হলেন, কালিগঞ্জ উপজেলার মৌতলা গ্রামের মৃত আবু সাঈদের ছেলে মামুনুর রশিদ (২৮) ও শ্যামনগর উপজেলার নকিপুর দেবলা গ্রামের নুর সালাম গাজীর ছেলে আকবর হোসেন (২৩)। এ ঘটনায় আটক দুই চোরাকারবারীসহ আমদানী কারক প্রতিষ্ঠান আশিকএন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী জেলার শীর্ষ চোরাকারবারী আলফেরদাউস আলফা ও ইশা-তিশা ট্রান্সপোর্ট এজন্সী মালিকের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়েছে।
বিজিবি জানায়, সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভোমরা স্থল বন্দর দিয়ে ট্রাকভর্তি বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন প্রজাতির মাছ আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের আওতাধীন গাজীপুর বিওপির কমান্ডার হাবিলদার মহসিন আলীর নেতৃত্বে বিজিবির একটি টহলদল বাঁকাল চেকপোষ্ট এলাকায় অভিযান চালায়। এ সময় পাঁকা রাস্তার উপর থেকে একটি আইচার ট্রাকসহ উক্ত দুই চোরাবারীকে আটক করা হয়। এরপর ট্রাকটিতে তল্লাশি চালিয়ে ৬ হাজার ৪৫০ কেজি ভারতীয় বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়। বিজিবি আরো জানায়, জব্দকৃত ট্রাকসহ ভারতীয় মাছের মূল্য ১ কোটি ৪২ লাখ ৪০ হাজার টাকা। এদিকে, এ ঘটনায় গাজীপুর বিওপির কমান্ডার হাবিলদার মহসিন আলী বাদী হয়ে উপরোক্ত আটক দুই চোরাকারবারীসহ আমদানী কারক প্রতিষ্ঠান আশিক এন্টার প্রাইজের স্বত্ত্বাধিকারী জেলার শীর্ষ চোরাকারবারী আলফেরদাউস আলফা ও ইশা-তিশা ট্রান্সপোর্ট এজেন্সী মালিকের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়েছে। বিজিবি ৩৩ ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষিটি নিশ্চিত করেছেন।
ঝিনাইদহ জেলা আ’লীগের মিছিল
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ গনতন্ত্রের বিজয় দিবস পালন উপলক্ষ্যে সোমবার বিজয় মিছিল করেছে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগ। বিকালে জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মন্ত্রী আব্দুল হাই এমপির নেতৃত্বে এক বিশাল মিছিল শহর প্রদক্ষিন করে। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে জেলা পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন। আব্দুল হাই এমপি তার বক্তৃতায় বলেন, ৩০ ডিসেম্বর বাংলাদেশে গনতন্ত্র পুনঃ প্রতিষ্ঠিত হয়েছিল। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতি নতুন করে বেচ থাকার স্বপ্ন দেখে।
বাঘাডাঙ্গা মহিউদ্দীন মাধ্যমিক বিদ্যালয় :স্বামী স্ত্রী মিলে নিয়োগ বানিজ্যের পায়ঁতারা অডিও ফাঁস
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ॥ স্বামী স্কুলের সভাপতি আর স্ত্রী প্রধান শিক্ষক। এই দুজন মিলেই চালিয়ে যাচ্ছেন স্কুলের যাবতীয় নিয়োগ বানিজ্য। স্কুলের করণীক নিয়োগে ২ লাখ ৭৫ হাজার টাকার নিয়োগ বানিজ্য করার পর এবার সহকারী প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে ১১ লাখ টাকার মিশন নিয়ে মাঠে নেমেছেন তারা। ইতিমধ্যে বিষয়টি এলাকায় জানাজানি হয়ে পড়েছে। ইচ্ছুক প্রার্থীরা প্রতিকার চেয়ে সংবাদকর্মীদের দারস্থ হয়েছেন। এক লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা মহিউদ্দীন মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত ১৪ নভেম্বর আবেদনের শেষ তারিখ ছিল। এলাকার অনেক বেকার যুবক শর্ত পুরণ করে আবেদন করেন। কিন্তু প্রধান শিক্ষক সামছুন নাহার ও সভাপতি আলাউদ্দীন স্বামী স্ত্রী সম্পর্ক হওয়ায় তারা পরস্পরের যোগসাজসে একই স্কুলের শিক্ষক কে এম মশিউর রহমানকে নিয়োগ দিতে মরিয়া হয়ে উঠেছে। ইতিমধ্যে পদের দাম হাকানো হয়েছে ১১ লাখ টাকা। সেই কথোপকথনের অডিও এখন মানুষের হাতে হাতে। প্রধান শিক্ষক বলেছেন কে এম মশিউর রহমানকে নিয়োগ দেওয়া হবে। এর আগে করণীক নিয়োগে বানিজ্য করা হয়। পিতার নামে স্কুল হওয়ায় সভাপতি ও তার স্ত্রী সেচ্ছাচারিতার আশ্রয় নিয়েছেন বলে অভিযোগ। এলাকাবাসির অভিযোগ স্কুলে নিয়োগ বানিজ্য হলে গ্রামবাসি তা প্রতিহত করবে। স্কুলে তালা ঝুলিয়ে দিবে। স্কুলে বিশৃংখলা পরিবেশের সৃষ্টি হবে। এ বিষয়ে স্কুলের সভাপতি আলাউদ্দীন ও প্রধান শিক্ষক সামছুন নাহারের বক্তব্য নিতে সোমবার রাতে ফোন করা হলে তাদের দুজনার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
সরকারের বিচার জনগণ করবে : খন্দকার মাহবুব
লোকসমাজ ডেস্ক ॥ সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি চাইবো না, জনগণ এ সরকারের বিচার করবে বলে মন্তব্য করেছেন বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেন। সোমবার দুপুরে সুপ্রিমকোর্ট বার ভবনের নিচে ৩০ ডিসেম্বর ‘গণতন্ত্র হত্যা’ দিবস উপলক্ষে আয়োজিত এক পদযাত্রা কর্মসূচিতে একথা বলেন তিনি। তিনি বলেন,‘আমরা চ্যালেঞ্চ দিচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনী বাদ দিয়ে আসেন। তারা তাদের দায়িত্ব পালন করুক। বর্তমান এই অবৈধ সরকার, আওয়ামী লীগ সরকার তার ক্ষমতা ধরে রাখতে পারবে না। আইন শৃঙ্খলা-বাহিনী বাদ দিয়ে রাস্তায় নামুন। আপনাদের সোনার ছেলে ছাত্রলীগ, যুবলীগ এদের অত্যাচার অনাচারে সারা বাংলাদেশের মানুষ জর্জরিত। এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।’ তিনি বলেন,‘আমরা খালেদা জিয়ার মুক্তি এই সরকারের কাছে চাইবো না। আমরা আইনজীবী সমাজ বলবো- আপনারা যে অনাচার অত্যাচার অবিচার করেছেন। বাংলার মাটিতে বাংলার জনগণ এর বিচার করবে। আইনজীবীরা মাঠে নেমেছে, এই সরকারের পতন না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না। কর্মসূচিতে বক্তব্য রাখেন- সংগঠনটির সদস্য সচিব সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমান, ঢাকা বারের সাবেক সভাপতি মাসুদ আহম্মোদ তালুকদার, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আবেদ রাজা, মো: ফারুক হোসেন, সুপ্রিম কোর্ট বারের সহ সম্পাদক শরীফ ইউ আহম্মেদ, আব্দুল্লাহ আল বাকী, মহিউদ্দিন মহিম প্রমুখ।
বিসিবির অনীহায় ভারতের ষড়যন্ত্র দেখেন কুরেশি
লোকসমাজ ডেস্ক ॥ জানুয়ারি-ফেব্রুয়ারিতে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তানে যাওয়ার কথা বাংলাদেশের। টি-টোয়েন্টি খেলতে আপত্তি নেই, কিন্তু বাংলাদেশের আপাতত টেস্ট খেলার ইচ্ছে নেই। কয়েকদিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান সংবাদ সম্মেলনে জানিয়েছেন, অনেক ক্রিকেটারই সেখানে যেতে চাইছেন না। তার এমন মন্তব্যের পর পাকিস্তান জুড়ে তোলপাড়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ শাহ কুরেশি ভারতকে দায়ী করছেন এ ব্যাপারে। পাকপ্যাশন নামে একটি ওয়েবসাইটকে তিনি বলেছেন, ‘আমরা বাংলাদেশকে স্বাগত জানাতে প্রস্তুত। মনে হচ্ছিল তারা সফরের জন্য প্রস্তুত ছিল। কিন্তু আমার সন্দেহ, ভারত চাপ প্রয়োগ করে বাধা দিচ্ছে তাদের।’ বাংলাদেশকে আরেকটু ‘স্বাবলম্বী’ হওয়ার পরামর্শ দিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘এই সফর নিয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত বাংলাদেশের। ভারতের সঙ্গে তারা সুসম্পর্ক রাখতেই পারে। কিন্তু আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে এ ধরনের রাজনীতির সঙ্গে তাদের না জড়ানোই উচিত।’





