লোকসমাজ ডেস্ক ॥ প্রযুক্তি ব্র্যান্ড এসার বাজারে অবমুক্ত করলো কনসেপ্ট ডি-ফাইভ সিএন৫১৫-৭১ মডেলের নতুন ল্যাপটপ। ল্যাপটপটি মূলত তৈরি করা হয়েছে এআই ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, ফিল্মমেকার ও প্রফেশনাল গেমারদের জন্য। তাছাড়া গ্রাফিকস ও ভিডিও এডিটিংয়ের মতো সব ধরনের কাজে পাওয়া যাবে গতিশীল অভিজ্ঞতা। এতে রয়েছে ইন্টেল নবম প্রজন্মের ৯৭৫০এইচ মডেলের ৪.৫০ গিগাহার্টজ গতির কোর আইসেভেন প্রসেসর, ১৬ জিবি ডিডিআর-ফোর র্যাম,২৫৬ জিবি এসএসডি, ২ টেরা হার্ডড্রাইভ এবং ৬ জিবি ডিডিআর-৬ এনভিদিয়া জিটিএক্স ১৬৬০টিআই ডেডিকেটেড গ্রাফিকস কার্ড। এসারের এই ল্যাপটপের কুলিং সিস্টেম আগের চেয়ে অনেক উন্নত করেছে। ফলে দীর্ঘক্ষণ ব্যবহারেও ল্যাপটপটি সহজে গরম হয় না। এর ব্যাটারি লাইফ ভালো। ব্যাকলিট কি-বোর্ড, ওয়াইফাই, ব্লুটুথ, ওরিজিনাল উইন্ডোজ প্রোসহ ল্যাপটপটির দাম ১ লাখ আশি ৮০ হাজার টাকা।
অ্যানিমেটেড পিএনজি ছবি নিষিদ্ধ করলো টুইটার
লোকসমাজ ডেস্ক ॥ মৃগী রোগীদের অ্যাকাউন্টে বিপজ্জনক অ্যানিমেটেড ছবি পোস্টের অভিযোগে অ্যানিমেটেড পিএনজি ছবি ব্যবহার নিষিদ্ধ হলো টুইটারে। ভার্জ জানায়, টুইটার কর্তৃপক্ষ এক ধরনের বাগের সন্ধান পায় যার কারণে সেটিংসে অ্যানিমেটেড ছবি স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার অপশনটি নিজে থেকেই চালু হয়ে যায়। এ বিষয়ে টুইটারের পক্ষ থেকে জানানো হয়, আমরা চাই অ্যাকাউন্টটি সবার জন্য নিরাপদ থাকুক। পিএনজি ফাইলগুলোতে সাধারণত মজার বিষয়গুলো থাকে। কিন্তু সেটিংস’র এই অপশনটি যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে অ্যানিমেটেড ছবি বন্ধ করে দেওয়াই ভালো। মূলত মৃগী রোগীদের নিরাপত্তার স্বার্থেই সিদ্ধান্তটি নেওয়া হলো। তবে এ পর্যন্ত যেসব পিএনজি ফাইল টুইটারে আপলোড করা হয়েছে সেগুলো ডিলিট করবে না বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এরপর থেকে শুধু জিআইএফ ফরম্যাটের ছবিগুলো চলবে এই প্ল্যাটফর্মে। ভার্জ আরও জানায়, অ্যানিমেটেড ছবি কখনও কখনও মরণ ঘাতকও হতে পারে। সোমবার (২৩ ডিসেম্বর) টুইটার জানায় তারা পিএনজি ছবির বিপরীতে এমন কোনও ফিচার খুঁজছে যা ব্যবহারকারীদের আরও ভালো অভিজ্ঞতা দিতে পারবে।
আরও কমেছে ডিএসইর মূল্য আয় অনুপাত
লোকসমাজ ডেস্ক ॥ গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের পতন হয়েছে। সেই সঙ্গে দাম কমেছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের। ফলে গত সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। বাজার পর্যালোচনায় দেখা যায়, গত সপ্তাহের তিন কার্যদিবসে শেয়ারবাজার পতনের মধ্যে থাকায় ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্সসহ বাকি দুই সূচকের পতন হয়েছে। সূচকের এই পতনের মধ্যে বাজারে লেনদেনে অংশ নেয়া ৬৪ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে।
বেশিরভাগ প্রতিষ্ঠানের এ দাম কমার ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই কমেছে প্রায় এক শতাংশ। গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১১ দশমিক ৫৫ পয়েন্টে। যা সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে দাঁড়িয়েছে ১১ দশমিক ৪৬ পয়েন্টে। অর্থাৎ এক সপ্তাহে ডিএসইর সার্বিক মূল্য আয় অনুপাত কমেছে দশমিক শূন্য ৯ পয়েন্ট বা দশমিক ৭৮ শতাংশ। খাতভিত্তিক তথ্য পর্যালোচনায় দেখা যায়, বরাবরের মতো সব থেকে কম পিই রেশিও রয়েছে ব্যাংক খাতের। সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭ দশমিক ৪৯ পয়েন্টে। দ্বিতীয় স্থানে থাকা সেবা ও আবাসন খাতের পিই ৯ দশমিক ১১ পয়েন্ট অবস্থান করছে। এর পরের অবস্থানেই রয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। এ খাতের পিই ৯ দশমিক ৮৪ পয়েন্টে রয়েছে।
এছাড়া টেলিযোগাযোগ খাতের পিই ১১ দশমিক ৪৯ পয়েন্ট, বীমা খাতের ১৩ দশমিক ৭২ পয়েন্ট, বস্ত্র খাতের ১৫ দশমিক ৬৪ পয়েন্ট, খাদ্য খাতের ১২ দশমিক ৬৭ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ১৫ দশমিক শূন্য ৪ পয়েন্ট, চামড়া খাতের ১৭ দশমিক ৫৬ পয়েন্ট, প্রকৌশল খাতের ১৫ দশমিক ২৭ পয়েন্ট, তথ্য প্রযুক্তির ১৯ দশমিক ১০ পয়েন্ট এবং পেপার খাতের ১৯ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করছে। বাকি খাতগুলোর পিই রেশিও ২০ পয়েন্টের ওপরে। এর মধ্যে বিবিধ খাতের ২১ দশমকি ৪৫ পয়েন্ট, ভ্রমণ ও অবকাশ খাতের ২৮ দশমিক ৬৮ পয়েন্ট, সিরামিক খাতের ২৫ দশমিক ৭৮ পয়েন্ট, সিমেন্ট খাতের ২৪ দশমিক শূন্য ২ পয়েন্ট, আর্থিক খাতের ১৪৭ দশমিক ৪৬ পয়েন্ট এবং পাট খাতের ৩৯৭ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করছে।
ব্যাংকিং খাতে নেতিবাচক প্রভাব, বিপাকে সরকার-সাধারণ মানুষ
লোকসমাজ ডেস্ক ॥ ব্যাংকিং খাতে নেতিবাচক প্রভাবের কারণে সাধারণ মানুষের সঙ্গে সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. সায়েদুর রহমান। শনিবার (২৮ ডিসেম্বর) ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সঙ্গে বিএমবিএর নবনির্বাচিত প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা বলেন।
বিএমবিএ সভাপতি বলেন, ব্যাংকিং কোম্পানি আইন (সংশোধিত)-২০১৮ এর ফলে ফাইন্যান্সিং পাওয়ার, দেশি ও বিদেশি বিনিয়োগ, আমানতকারীর সংখ্যা ও শেয়ারবাজারে দেশি-বিদেশি বিনিয়োগকারীর সংখ্যা কমে গেছে। এছাড়া ব্যাংকিং খাতে যেসব নেতিবাচক প্রভাব আসছে তা থেকে বের হওয়ার কোনো শক্তি এখনও তৈরি হয়নি। তিনি আরও বলেন, ব্যাংকিং খাতের যে নেতিবাচক প্রভাব পড়ছে তাতে শুধু সাধারণ জনগণই ক্ষতিগ্রস্ত হচ্ছে না, সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই ব্যাংকিং খাতের প্রতি সুদৃষ্টি দিয়ে ঘাটতি পূরণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এ ক্ষেত্রে দেশের বেসরকারি খাতের শীর্ষ বাণিজ্য সংগঠন হিসেবে এফবিসিসিআইয়ের সহযোগিতা প্রত্যাশা করেন বিএমবিএর নতুন কমিটি। বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সিনিয়র সহসভাপতি মো. মুনতাকিম আশরাফ, সহসভাপতি মিসেস হাসিনা নেওয়াজ, মো. সিদ্দিকুর রহমান, মো. রেজাউল করিম রেজনু, মীর নিজামুদ্দিন, নিজামুদ্দিন রাজেশ, বিএমবিএ প্রথম সহসভাপতি মো. সোহেল রহমান, বিএমবিএ মহাসচিব মো. রিয়াদ মতিন এবং বিএমবিএ সদস্য মাহবুব এইচ মজুমদার, ওবায়দুর রহমান ও মোহাম্মদ নজরুল ইসলাম।
উল্টোপথে শেয়ারবাজার
লোকসমাজ ডেস্ক ॥ দীর্ঘদিন ধরে সঠিক পথে নেই দেশের শেয়ারবাজার। গত কয়েক মাস ধরেই দেশের পুঁজিবাজারে ক্রমাগতভাবে দরপতন চলছে। এই পতনের কবলে পড়ে ক্রেতা হারিয়েছে এই বাজার। আর ক্রেতা না থাকায় লেনদেন তলানিতে নেমে এসেছে। আগের তিন সপ্তাহের মতোই টানা চতুর্থ সপ্তাহ পতনের ফলে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবক’টি মূল্য সূচকের বড় পতন হয়েছে। চার সপ্তাহের টানা পতনে ডিএসই প্রধান মূল্যসূচক হারিয়েছে তিনশ পয়েন্টের ওপরে। একইসঙ্গে মোটা অঙ্কের মূলধন হারিয়েছে ডিএসই। সবক’টি সূচকের এমন পতনের মধ্যে ডিএসইতে লেনদেনের গতিও কমেছে। দৈনিক গড় লেনদেনের পরিমাণ ২০০ কোটি টাকার ঘরে নেমে এসেছে।
গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবসেই দরপতন হয়েছে। এতে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মূল্য কমেছে। ফলে, এই সপ্তাহে হাজার কোটি টাকারও বেশি মূলধন হারিয়েছে ডিএসই। এ প্রসঙ্গে ডিএসই’র শেয়ারহোল্ডার পরিচালক মো. রকিবুর রহমান বলেন, ‘যেভাবে পতন হচ্ছে, তাতে বলতে হয়, সঠিক পথে নেই দেশের শেয়ারবাজার। এই বাজারকে সঠিক পথে আনতে হবে। সে জন্য নিয়ন্ত্রক প্রতিষ্ঠান বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংককে বড় ভূমিকা রাখতে হবে।’ তিনি বলেন, ‘বিনিয়োগকারীদের এই বাজারের প্রতি আস্থা ফেরাতে হলে ভালো ভালো কোম্পানি বাজারে আনতে হবে। গ্রামীণফোনের মতো কোম্পানি এখন এই বাজারের জন্য খুবই জরুরি। মো. রকিবুর রহমান আরও বলেন, ‘গ্রামীণফোনের মতো ভালো শেয়ার বাজারে এলে তার সঙ্গে লাখ লাখ বিনিয়োগকারীও বাজারে শেয়ার কিনবেন।’ এদিকে, মন্দা পুঁজিবাজার চাঙ্গা করতে একসঙ্গে কাজ করার ঘোষণা দিয়েছে ডিবিএ এবং বিএমবিএ। এ লক্ষ্যে দুই সংগঠনের পক্ষ থেকে ১২ সদস্যের একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিবিএ পরিচালক ও ঢাকা ব্যাংক সিকিউরিটিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলীকে।
তথ্য বলছে, গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ২৬৯ কোটি ৭৬ লাখ টাকা আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ২৭৯ কোটি ৭৩ লাখ টাকা। অর্থাৎ প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৯ কোটি ৯৭ লাখ টাকা। গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৭৯ কোটি ৬৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয় ১ হাজার ১১৮ কোটি ৯২ লাখ টাকা। অর্থাৎ এক সপ্তাহের ব্যবধানে মোট লেনদেন কমেছে ৩৯ কোটি ২৯ লাখ টাকা। গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মূল্য বেড়েছে। মূল্য কমেছে ২২৯টির। আর ৩৭টির মূল্য অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৩৮ হাজার ৪৯৩ কোটি টাকা। যা তার আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৩ লাখ ৩৯ হাজার ৬০৪ কোটি টাকা। অর্থাৎ এক সপ্তাহে ডিএসই’র বাজার মূলধন কমেছে ১ হাজার ১১১ কোটি টাকা। এর মাধ্যমে টানা চার সপ্তাহের পতনে ডিএসইর বাজার মূলধন কমেছে প্রায় ২০ হাজার কোটি টাকা। গত সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খুলনা পাওয়ার কোম্পানির শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা সপ্তাহজুড়ে হওয়া মোট লেনদেনের ৩ দশমিক ৩৩ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার লেনদেন হয়েছে ২৯ কোটি ৮২ লাখ টাকার।
রাশিয়া, চীন ও ইরানের যৌথ মহড়া
লোকসমাজ ডেস্ক ॥ রাশিয়া, চীন ও ইরানের যৌথ নৌমহড়ার দ্বিতীয় দিন শনিবার। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে ভারত মহাসাগর ও ওমান উপসাগরে ‘মেরিন সিকিউরিটি বেল্ট’ নামের চার দিনের যৌথ মহড়া শুরু করে ওই তিন দেশের নৌবাহিনী। চলবে সোমবার পর্যন্ত। আঞ্চলিক নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে এই মহড়া শুরু হয়। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ওমান উপসাগরের উপকূলে ইরানের চাহাবাহার বন্দর থেকে যৌথ নৌমহড়া শুরু হয়েছে। চীন ও রাশিয়ার সঙ্গে সামরিক মহড়ায় এই প্রথমবারের মতো অংশ নিয়েছে তেহরান। ইরান সূত্র জানিয়েছে, বিশ্ব বাণিজ্যে ওমান সাগর ও ভারত মহাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশ্বের বহু দেশের বাণিজ্যিক জাহাজ এই রুট দিয়ে চলাচল করে। কাজেই এখানকার নিরাপত্তা রক্ষার যথেষ্ট গুরুত্ব রয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে ইরানের সামরিক অভিজ্ঞতা বিনিময়, সন্ত্রাসবাদ মোকাবিলা ও জলদস্যুদের দমন এ মহড়া আয়োজনের উদেশ্য।
নাগরিকত্ব আইন ভারতীয় মুসলিমদের ওপর প্রভাব ফেলবে: মার্কিন থিঙ্কট্যাঙ্ক
লোকসমাজ ডেস্ক ॥ ভারতের নাগরিকত্ব আইন (সিএএ) দেশটির ২০ কোটি মুসলিম নাগরিকের সার্বিক অবস্থার ওপর প্রভাব ফেলবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন কংগ্রেসের থিঙ্কট্যাঙ্ক কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস)। সম্প্রতি প্রকাশিত ওই প্রতিবেদনে সিএএ’র প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তানে ধর্মীয় কারণে নির্যাতনের শিকার সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে ১১ ডিসেম্বর নাগরিকত্ব আইন সংশোধন করেছে ভারত। হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ও পার্সিদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হলেও এতে মুসলমানদের অন্তর্ভুক্ত করা হয়নি। এর প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ চলছে। আর এই আইনকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এর প্রতিবাদ জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া ভিত্তিক ভারপ্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যালিস ওয়েলস সিএএ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘সিএএ-র মতো সামাজিক ইস্যুগুলো যে শুধুই মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়ার ব্যাপারে ভারতের আন্তরিকতাকে ক্ষুণ্ণ করবে, তা নয়; ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকার দেশগুলোতে আমরা (যুক্তরাষ্ট্র) যে মুক্ত ও অবাধ স্বাধীনতার বাতাবরণ তৈরি করতে চাচ্ছি, সেই প্রচেষ্টায় শামিল হওয়ার পথ থেকেও ভারতকে দূরে সরিয়ে দেবে।’
সিআরএস’র সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ভারত শুধুই বিদেশি আগ্রাসনকারীদের হাতে লু্ণ্ঠিত হয়েছে, এভাবেই সেদেশের ইতিহাসকে ব্যাখ্যা করতে চাচ্ছেন ‘হিন্দু জাতীয়তাবাদীরা’। শুধু এভাবেই তারা বিষয়টিকে দেখছেন ও দেখাতে চাচ্ছেন। এর ফলে তারা আধুনিক ভারতের দুই প্রতিষ্ঠাতা জওহরলাল নেহরু ও মোহনদাস করমচাঁদ গান্ধীর ‘ধর্মনিরপেক্ষতার ভাবাদর্শ’কেও বাতিল করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘বহু বিশেষজ্ঞের ধারণা- দেশের উত্তরোত্তর ঝিমিয়ে পড়া অর্থনীতি থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাজনৈতিক সমর্থন ধরে রাখতে বিজেপি সরকার এখন আবেগের ওপরেই গুরুত্ব দিচ্ছে। এজন্য তারা ধর্মকে হাতিয়ার করছে।’ উল্লেখ্য, মার্কিন কংগ্রেসের থিঙ্কট্যাঙ্ক কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) প্রতিবেদন সরকারিভাবে করা হয়নি। এই প্রতিবেদন কংগ্রেসের সদস্যদের সংখ্যাগরিষ্ঠ অংশের মতামতের ভিত্তিতেই তৈরি করা হয়েছে।
সোমালিয়ায় বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯০
লোকসমাজ ডেস্ক ॥ আফ্রিকার দেশ সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে ভয়াবহ গাড়ি বোমা বিস্ফোরণে ১৭ পুলিশ কর্মকর্তাসহ অন্তত ৯০ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। শনিবার (২৮ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে একটি চেকপোস্ট লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটিতে কর্মরত একটি আন্তর্জাতিক সংস্থা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এখন পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
১৯৯১ সালে সেনা শাসনের অবসান হওয়ার পর থেকে সোমালিয়াতে সহিংসতা ও অস্থিতিশীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট মোহামেদ সিয়াদ বারে ক্ষমতাচ্যুত হলে দেশের যুদ্ধবাজ গোত্রপতিরা হানাহানিতে জড়িয়ে পড়লে দেশটি কার্যত একটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। ২০১২ সালে দেশটিতে জাতিসংঘ সমর্থিত সরকার দায়িত্ব নেয়। এরপর থেকে আল শাবাব জঙ্গি গোষ্ঠীকে নিয়ন্ত্রণ করা সম্ভব হলেও সোমালিয়ার গ্রামীণ এলাকায় তারা এখনও তৎপর। জাতিসংঘ সমর্থিত সরকারের পতনের লক্ষ্যে সেখানে প্রায় বোমা হামলা চালায় ওই জঙ্গিরা। নাম প্রকাশ না করার শর্তে একটি আন্তর্জাতিক সংস্থাটি জানিয়েছে, সাম্প্রতিক হামলাগুলোর মধ্যে এটাই সবচেয়ে বড় হামলা। শনিবার সকালে মোগাদিসুতে গাড়ি বোমা হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত চিত্রে দেখা গেছে, ওই অঞ্চলের আকাশে কালো ধোঁয়া উড়ছে।
আন্তর্জাতিক সংস্থাটি জানিয়েছে, নিহতের সংখ্যা ৯০ ছাড়িয়েছে। সোমালিয়ার একজন আইনপ্রণেতার টুইটবার্তায় দেখা গেছে, ওই বোমা হামলায় ১৭ পুলিশ কর্মকর্তাসহ নিহতের সংখ্যা ৯০ এর অধিক। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আওয়াদ জানিয়েছেন, নিহতদের মধ্যে অনেক শিক্ষার্থী ও তুরস্কের দুই নাগরিকও রয়েছে। দেশটির অ্যাম্বুলেন্স সার্ভিসের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অর্ধশতাধিক ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে। তিনজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বোমা হামলার স্থলে রাস্তার নির্মাণ কাজ করছিলেন তুরস্কের ইঞ্জিনিয়ারদের এক ছোট দল। বিস্ফোরণের পর তাদের গাড়িটি পুরোপুরি বিধ্বংস্ত হয়। বিস্ফোরণের পর ঘটনাস্থলে মোগাদিসুর মেয়র ওমর মোহাম্মদ সাংবাদিকদের বলেছিলেন, বিস্ফোরণে অন্তত ৯০ জন আহত হয়েছে বলে সরকার নিশ্চিত করছে। এদের বেশিরভাগই শিক্ষার্থী। প্রত্যক্ষদর্শী আহমেদ মোয়ালিম ওয়ারসেম বলেন, ‘আমি অনেক মরদেহ দেখেছি। তাদের সবাই বেসামরিক নাগরিক। ৩০ জনেরও বেশি আহত হয়েছে। এটা একটা কালোদিন।’ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা আলি আবদি আলি হোশৌ বলেন, ওই চেকপোস্টটি রাষ্ট্রীয় টোল সংগ্রহের কাজে ব্যবহৃত হতো। এ কারণে সকালে সেখানে অনেক বেসামরিক লোক ছিল।
কুয়েটে ‘এন্ট্র্রিপ্রিনারশিপ উইথ আইটি ইনোভেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
লোকসমাজ ডেস্ক ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে এবং আইসিটি ডিভিশনের হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সহযোগিতায় দিনব্যাপী ‘এন্ট্র্রিপ্রিনারশিপ উইথ আইটি ইনোভেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর শনিবার সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনস্থ ডিস্্ট্যান্স লার্নিং থিয়েটারে অনুষ্ঠিত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. আমিনুল হক আকন্দের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মহিউদ্দিন আহমাদ, হাই-টেক পার্ক কর্তৃপক্ষের প্রজেক্ট ডিরেক্টর এ এন এম শফিকুল ইসলাম এবং আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. কে এম আজহারুল হাসান।
অদ্ভুতভাবে প্রেমিক বেছে নিয়েছিলেন রাধিকা
লোকসমাজ ডেস্ক ॥ অভিনেত্রী রাধিকা আপ্তে অদ্ভুতভাবে স্বামী বেনেডিক্ট টেলরকে বিয়ের আগে প্রেমিক হিসেবে বেছে নিয়েছিলেন। আর অদ্ভুত এক কারণে প্রথমবার ডেটিং করার সিদ্ধান্ত নেন তিনি। কারণ তার বিড়াল টুনা মাছ খেয়েছিল! নেটফ্লিক্সের আলাপচারিতার অনুষ্ঠান ‘দ্য ব্র্যান্ড নিউ শো’তে ব্যক্তিজীবনের গোপন কথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ইউটিউবে অবমুক্ত হয়েছে এটি।
সঞ্চালক আবিশ ম্যাথুকে রাধিকা আরও জানান, নিজের চেয়ে বয়সে ছোট কোনও পুরুষের সঙ্গে ডেট করেননি তিনি। তার কথায়, ‘আমার চেয়ে কম বয়সী কারও সঙ্গে ডেট করিনি। মনে পড়ছে, বেনেডিক্ট টেলর ও অন্য একটি ছেলে আমাকে একইদিনে একই সময়ে ডেটে যাওয়ার জন্য বলেছিল। তখন আমি লন্ডনে। আমার ঘরে একটি বিড়াল আসতো সবসময়। তার জন্য রুমমেট আর আমি একপাশে টুনা মাছ আর অন্যপাশে কিছু খাবার রেখে দিয়েছিলাম। বিড়ালটি যদি মাছ খায় তাহলে বেনেডিক্টের সঙ্গে ডেটে যাবো সিদ্ধান্ত নিয়েছিলাম। নয়তো অন্য ছেলের ডাকে সাড়া দেবো! বিড়ালটি মাছ খেয়েছে, তাই বেনেডিক্টের সঙ্গে ডেট করেছি। এখন আমি তার স্ত্রী।’ রাধিকার বলা ঘটনাটি ২০১১ সালের। ব্রিটিশ বেহালাবাদক বেনেডিক্ট টেলরকে ২০১২ সালে বিয়ে করেন তিনি। এজন্য প্রায়ই ইংল্যান্ডের রাজধানী লন্ডনে বেড়াতে যেতে হয় তাকে।
নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘লাস্ট স্টোরিস’-এর সুবাদে এ বছর আন্তর্জাতিক এমি অ্যাওয়ার্ডসের জন্য মনোনয়ন পেয়েছিলেন রাধিকা। এর আগে সাইফ আলি খান ও নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে নেটফ্লিক্সের ‘স্যাক্রেড গেমস’ সিরিজে দেখা গেছে তাকে। বাংলা, হিন্দি, মারাঠি, তামিল, তেলুগু, মালয়ালাম ও ইংরেজি—সব ভাষার ছবিতে দারুণ অভিনয় নৈপুণ্য দেখিয়ে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন রাধিকা আপ্তে। এবার ক্যামেরার পেছনেও মুন্সিয়ানা দেখাবেন তিনি। প্রথমবার পরিচালকের আসনে বসেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করছেন তিনি। এর নাম রাখা হয়েছে ‘স্লিপওয়াকার্স’।
সূত্র: হিন্দুস্তান টাইমস









