নড়াইল অফিস ॥ নড়াইল-যশোর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক গোলাম সাকলাইন প্রত্যয় (২২) নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৯ টার দিকে বাঁশভিটা এস এম সুলতান গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত প্রত্যয় নড়াইল শহরের আলাদাতপুরের গোলাম মোস্তফা মোল্লা এবং নড়াইল সরকারি উচ্চ (বালক) বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মনিরা সুলতানার ছেলে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, নড়াইল-যশোর সড়কের এস এম সুলতান গেট এলাকায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহত মোটরসাইকেল আরোহী প্রত্যয়কে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ছাত্রলীগ নেতা গোলাম সাকলাইন প্রত্যয়ের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম। তিনি প্রত্যয়ের অকাল মৃত্যুতে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
সড়ক দুর্ঘটনায় আহত আজিজুল ৫ দিন পর মারা গেলেন
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ কালীগঞ্জে সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আজিজুল ইসলাম (৩০) ৫ দিন পর মারা গেছেন। আহত হবার পর ঢাকাতে শাহাবুদ্দিন মেডিকেল কলেজের আইসিওতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল সাড়ে ১১ টার দিকে তার মৃত্যু হয়। নিহত আজিজুল কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর গ্রামের রুস্তম আলীর ছেলে। নিহতের পরিবার জানায়, কালীগঞ্জ থেকে মোটরসাইকেলযোগে গত শনিবার রাতে আজিজুল ও তার বন্ধু কোটচাদপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে কোটচাদপুরের এলাঙ্গি বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা ৪ জন জখম হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে পাঠায়। এদের মধ্যে গুরুতর জখম আজিজুলকে প্রথমে যশোর ও পরদিন ঢাকাতে রেফার্ড করা হয়।
নড়াইলে ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নড়াইল অফিস ॥ নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে বুধবার শহরের তাহেরা কনভেনশন সেন্টারে জেলা ছাত্রদলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী ছাত্রদল জেলা কমিটির সভাপতি মো. ফরিদ হোসেন বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর বিশ্বাস। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র মো. জুলফিকার আলী মন্ডল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হাসান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুবদলের জেলা সভাপতি মো. মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, কৃষকদলের সাধারণ সম্পাদক মো. নবীর হোসেন, শ্রমিকদলের আমল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সানি।
সরকার পাটকল শ্রমিকদের সঙ্গে প্রতারণা করছে : বাম গণতান্ত্রিক জোট
লোকসমাজ ডেস্ক ॥ সরকার পাটকল শ্রমিকদের সঙ্গে বারবার প্রতিশ্র“তি দিয়ে তা রা না করে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে বাম গণতান্ত্রিক জোট। জোট নেতারা এসব প্রতারণা বন্ধ করে পাটকল শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিতে আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি বছরে একাধিকবার জ্বালানির দাম পরিবর্তন করার গণবিরোধী আইন প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন তারা। গতকাল বুধবার বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক সভায় নেতারা এসব কথা বলেন। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক আবদুল্লাহ ক্বাফী রতন, সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদ (মার্কসবাদী) সাধারণ সম্পাদক মোবিনুল হায়দার চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু ও সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক এতে উপস্থিত ছিলেন। নেতারা বলেন, পাটকল শ্রমিকরা তাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে অনশন করছে। এর আগে অনশনে দুজন অনশনরত শ্রমিক জীবন দিয়েছেন। সরকারের প্রতিশ্র“তিতে আন্দোলনরত শ্রমিকরা অনশন ভাঙলেও গত দুই সপ্তাহ তাদের দাবি পূরণ না হওয়ায় পুনরায় অনশন করছে। নেতৃবৃন্দ শ্রমিকদের সঙ্গে সরকারের প্রতারণার তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ পাটকল শ্রমিকদের ১১ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে পাট শিল্পে ২০১৫ সালের ঘোষিত মজুরি কমিশন বাস্তবায়ন ও শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধের দাবি জানান তারা।
অপর এক বিবৃতিতে নেতারা জ্বালানির দাম বছরে একাধিকবার পরিবর্তন করা যাবে, এমন বিধান রেখে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন করায় তীব্র ােভ ও নিন্দা প্রকাশ করে অবিলম্বে জনস্বার্থবিরোধী এ সংশোধনী প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এ সংশোধনীকে নববর্ষে জনগণের প্রতি নিষ্ঠুর তামাশা বলে আখ্যায়িত করেন বাম নেতৃবৃন্দ। তারা জ্বালানি খাতে দুর্নীতি ও ভুলনীতির অবসান ঘটিয়ে জনগণকে সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎসহ অন্যান্য জ্বালানি সরবরাহের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
পাটকল শ্রমিকদের ১১ দফা দাবিতে চলমান আন্দোলনে পূর্ণ সমর্থন জানিয়ে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের সমন্বয়ক ও গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি জহিরুল ইসলামসহ গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সভাপতি মোশরেফা মিশু, গার্মেন্টস শ্রমিক সংহতি সভাপ্রধান তাসলিমা আখতার, গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশন সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, গার্মেন্টস শ্রমিক আন্দোলনের সভাপতি বিপ্লব ভট্টাচার্য্য, গার্মেন্টস শ্রমিক সংহতির নেতা প্রদীপ রায়, বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের নেতা বিপুল কুমার দাস, ওএসকে গার্মেন্টস টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের নেতা ইয়াসিন মিয়া, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির নেতা মীর মোস্তাক হোসেন, জাতীয় সোয়েটার গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের নেতা এএসএস ফয়েজ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ এক বিবৃতি দিয়েছেন।
মনিরামপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বুধবার যশোরের মনিরামপুরে জাতীয়তাবাদী ছাত্র দলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল মিলাদ, দোয়া মাহফিল এবং আলোচনা সভা। থানা ছাত্রদলের সভাপতি মোতাহারুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, থানা শাখার সিনিয়র সহসভাপতি মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, যুগ্ম সম্পাদক পৌর কাউন্সিলর মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মকবুল ইসলাম, থানা যুবদলের সাধারন সম্পাদক সদর ইউপি চেয়ারাম্যান নিস্তার ফারুক, জুলফিকার আলী ভূট্টো, আব্বাস উদ্দিন, পৌর ছাত্রদলের সভাপতি মুক্তার হোসেন, থানা শাখার সাধারন সম্পাদক নবিরুজ্জামান আজাদ, মহিবুবুল আলম মামুন, ইমরান নাজির, নুরুজ্জামান, মনিরুজ্জামান রুবেল, মাসুদ পারভেজ রুবেল, জিয়াউল হক জিয়া, রেজাউল ইসলাম, ফিরোজ হোসেন, অলিয়ার রহমান, আবদুল গফ্ফার প্রমুখ।
ফসলের মাঠে বীজ বুনে প্রেমপত্র আঁকলেন কৃষক
লোকসমাজ ডেস্ক ॥ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় শৈল্পিক বুননে বীজ বপন করে ফসলের মাঠকে ক্যানভাস করে প্রেমপত্র এঁকে সকলের নজর কেড়েছেন কৃষক আব্দুল কাদির (৪০)। আব্দুল কাদির ৩৫ শতক জমিতে ভালোবাসার নিদর্শন উপস্থাপন করেছেন। তার এই সৃষ্টিশীলতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর পাশাপাশি বাইরে থেকেও অনেকে দৃষ্টিনন্দন ফসলের খেতটি দেখতে আসছেন।
সরেজমিন মাঠে গিয়ে কৃষক কাদিরের সঙ্গে কথা হয়। তিনি জানান, গ্রামে একটি ‘বন্ধুমহল’ নামে ক্লাব আছে। তিনি সেই ক্লাবের উপদেষ্টা সদস্য। ক্লাবের সদস্যরা তার কাছে নতুন কিছু করে দেখানো প্রস্তাব দিলে তিনি স্থানীয় কৃষি বিভাগ থেকে পাওয়া রবি শস্য সরিষার প্রদর্শনী প্লটে চিত্রকলার আলোকে বীজ বপন করার চিন্তা করেন। পরিকল্পনা অনুযায়ী ক্লাবের সদস্যদের সহায়তায় ৩৫শতক জমিতে হাল চাষ করে জমির বুকে চিত্রাঙ্কন করেন। তারপর চিত্ররেখার মাঝে বারী-১৫ জাতের সরিষা বীজ বপন করেন। জমিতে সেই বীজ গজানোর পর পুরো খেত যেন জীবন্ত ছবির রূপ ধারণ করে। ‘বন্ধুমহল’ ক্লাবের সদস্যরা খেতের নাম দিয়েছেন ‘নকশি কাঁথার মাঠ’। খেত ঘুরে দেখা যায় দুপাশে রয়েছে দুটি নৌকা, জাতীয় ফুল শাপলা, চার কোণে চারটি লাভ চিহ্ন এবং খেতের মধ্যখানে একটি বড় লাভ চিহ্ন। যার ভেতরে রয়েছে কৃষক আব্দুল কাদিরের নাম।
খেতের চার কোণে ও মধ্য ভাগে লাভ চিহ্ন আঁকার ব্যাপারে কাদির বলেন, ‘এর পেছনে একটি মজার গল্প রয়েছে। কিশোর বয়সে উপজেলার সোহাগী গ্রামের এক কিশোরীর প্রেমে পড়েছিলাম। তখন চিঠির মাধ্যমে যোগাযোগ করতাম আমরা। প্রেমিকা আমাকে যখন চিঠি লিখত তখন চিঠির চার কোণে চারটি এবং মাঝখানে একটি বড় লাভ চিহ্ন এঁকে দিত। লাভ চিহ্নের ভেতরে লেখা থাকত প্রেমিকা ও আমার নাম। কিশোর বয়সের সেই স্মৃতিকে ফসলের জমিতে ফুটিয়ে তুলে ভালোবাসার প্রতি সম্মান দেখালাম। তিনি জানান, আমার প্রেমিকার নাম মকসুদা বেগম। ভালোবেসে তাকে বিয়ে করে সুখে সংসার করছি। আমাদের সংসারে এক মেয়ে ও দুই ছেলে রয়েছে। মাকসুদা আমার কাছে মমতাজের মতো। সম্রাট শাহজাহান তার স্ত্রীর ভালোবাসার নিদর্শন স্বরূপ পৃথিবী বিখ্যাত সুরম্য তাজমহল তৈরি করেছিলেন। আমি গরিব, আমার সামর্থ্য নেই, কিন্তু আমার স্ত্রীর প্রতি ভালোবাসার কমতি নেই। তাই তাজমহল বানাতে না পারলেও জমিতে প্রেমের নিদর্শন হিসেবে প্রেয়সীকে লেখা চিঠির মতোই নিজের জমিতে প্রেমপত্র এঁকেছি।’
কালীগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা ॥ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকাল ১১ টার দিকে উপজেলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি বের হয়। কালীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক মারুফ বিল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল টিটো, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক সোহেল রানা, থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মৌসুম উদ্দিন শোভন, রাকিব হাসান, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুয়েল রানা, কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রিপন হোসেন।
২০১৯ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২৮
লোকসমাজ ডেস্ক ॥ সদ্যবিদায়ী ২০১৯ সালে চার হাজার ২১৯টি সড়ক দুর্ঘটনায় ৫৮৫ নারী ও ৭৫৪ শিশুসহ অন্তত চার হাজার ৬২৮ জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ৮৬১২। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা যথাক্রমে ৬১৩ ও ৩৯৯। ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মহাসড়ক, জাতীয় মহাসড়ক, আন্ত:জেলা সড়ক ও আঞ্চলিক সড়কসহ সারাদেশে এসব প্রাণঘাতি দুর্ঘটনা ঘটে।
বুধবার (১ জানুয়ারি) ঢাকার গণমাধ্যমকর্মীদের সংগঠন শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) এক বিবৃতিতে ‘সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন-২০১৯’-এ এই তথ্য তুলে ধরা হয়েছে। ২৪টি জাতীয় দৈনিক, ১০টি আঞ্চলিক সংবাদপত্র এবং ৯টি অনলাইন নিউজ পোর্টাল ও সংবাদ সংস্থার তথ্য-উপাত্তের ভিত্তিতে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। গত বছর (২০১৯ সাল) সড়ক দুর্ঘটনা ও আহতের সংখ্যা পূর্ববর্তী বছরের (২০১৮ সাল) তুলনায় কম হলেও প্রাণহানির সংখ্যা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ২০১৮ সালে ৪৩১৭টি দুর্ঘটনায় ৪৫৮০ জন নিহত ও ১০৮২৮ জন আহত হয়েছিল। আর গত বছর দুর্ঘটনা ঘটেছে ৪২১৯টি, এতে নিহত ও আহতের সংখ্যা যথাক্রমে ৪৬২৮ ও ৮৬১২।
প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে ৩৮৩টি দুর্ঘটনায় ৫৩ নারী ও ৭১ শিশুসহ ৪১১ জন নিহত এবং ৫৮ নারী ও ৪০ শিশুসহ ৭২৫ জন আহত হয়েছে। ফেব্রুয়ারিতে ৪০১টি দুর্ঘটনায় ৪১৫ জন নিহত হয়েছে, যার মধ্যে নারী ও শিশুর সংখ্যা যথাক্রমে ৫৮ ও ৬২। এছাড়া ওই মাসে ৮৮ নারী ও ৮৬ শিশুসহ আরও ৮৮৪ জন আহত হয়েছে। মার্চে দুর্ঘটনা ঘটেছে ৩৮৪টি। এতে ৪৬ নারী ও ৮২ শিশুসহ ৩৮৬ জন নিহত এবং ৬৭ নারী ও ৭৬ শিশুসহ ৮২০ জন আহত হয়েছে। এপ্রিলে ৩২৭ দুর্ঘটনায় ৩৪০ জন নিহত ও ৬১০ জন আহত হয়েছে। নিহতদের মধ্যে ৩৮ ও ৫৩ শিশু রয়েছে। আর আহতদের তালিকায় নারী ও শিশুর সংখ্যা যথাক্রমে ৪৬ ও ২৮। মে মাসে দুর্ঘটনা ঘটেছে ২৯৭টি, যাতে ৪৭ নারী ও ৪৪ শিশুসহ ৩৩৮ জনের প্রাণহানি এবং ২৭ নারী ও ১২ শিশুসহ ৫০৪ জন আহত হয়েছে। জুনে দুর্ঘটনা, প্রাণহানি ও আহতের সংখ্যা যথাক্রমে ৩৬৭, ৪৩৯ ও ৮১৮। নিহতদের মধ্যে ৪৯ নারী ও ৬৯ শিশু এবং আহতদের মধ্যে ৫৪ নারী ও ২৫ শিশু রয়েছে।
জুলাইয়ে ৩১১টি দুর্ঘটনায় ৪৬ নারী ও ৪০ শিশুসহ ৩৪৮ জন নিহত এবং ২১ নারী ও ২২ শিশুসহ ৫১৩ জন আহত হয়েছে। আগস্টে দুর্ঘটনা ও প্রাণহানির সংখ্যা যথাক্রমে ৩৩৭ ও ৩৯৮। এতে ৪৭ নারী ও ৫৭ শিশুর প্রাণহানি ঘটেছে, আহত হয়েছে ৫৮ নারী ও ৩৮ শিশুসহ আরও ৮২৩ জন। সেপ্টেম্বরে দুর্ঘটনা ঘটেছে ৩৫৩টি, এতে ৩৮ নারী ও ৬৪ শিশুসহ ৩৬৭ জন নিহত এবং ৫৭ নারী ও ১২ শিশুসহ ৮৪২ জন আহত হয়েছে। অক্টোবরে ৩৫৬টি দুর্ঘটনায় ৩৯৮ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা যথাক্রমে ৫৫ ও ৭৮। এছাড়া এই মাসে ৩৯ নারী ও চার শিশুসহ আহত হয়েছে আরও অন্তত ৬৬৭ জন। নভেম্বরে দুর্ঘটনা ঘটেছে ৩১৪টি, এতে ৫৩ নারী ও ৬২ শিশুসহ ৩৪২ জন নিহত এবং ৬১ নারী ও ২৭ শিশুসহ ৬৮১ জন আহত হয়েছে। বছরের শেষ মাস ডিসেম্বরে দুর্ঘটনা, প্রাণহানি ও আহতের সংখ্যা যথাক্রমে ৩৮৯, ৪৪৬ ও ৬৮১। নিহতদের মধ্যে ৫৫ নারী ও ৭২ শিশু রয়েছে। আর আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ৩৭ ও ২৯। শিপিং অ্যান্ড কমিউনিকেশন রিপোর্টার্স ফোরামের (এসসিআরএফ) সভাপতি আশীষ কুমার দে বলেন, তাদের নিয়মিত পর্যবেক্ষণে সড়ক দুর্ঘটনার জন্য ১২টি প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে।
সেগুলো হলো-
১. গাড়ি চালানোর সময় চালকদের বেপরোয়া মনোভাব
২. চলন্ত অবস্থায় চালকের মোবাইলে ফোনালাপ
৩. ট্রাফিক আইন অমান্য করে ওভারটেকিং ও ওভারলোডিং
৪. বিরতি ছাড়াই দূরপাল্লার সড়কে দীর্ঘক্ষণ গাড়ি চালানো
৫. অদক্ষ ও লাইসেন্সবিহীন চালক নিয়োগ
৬. মহাসড়কে মোটরবাইকসহ ক্ষুদ্র যানবাহনের অবাধ চলাচল
৭. ত্রুটিপূর্ণ গাড়ি চলাচল বন্ধে আইনের যথাযথ প্রয়োগের অভাব
৮. দূরপাল্লার সড়কের বিভিন্ন স্থানে ঝুঁকিপূর্ণ বাঁক ও বেহাল দশা
৯. নিয়োগপত্র না পাওয়ায় পরিবহন কর্মীদের মাঝে হতাশা
১০. চালক ও সহকারীর কাছে দিন চুক্তিতে গাড়ি ভাড়া দেয়া
১১. বিভিন্ন স্তরে চাঁদাবাজির কারণে শ্রমিক অসন্তোষ এবং
১২. পথচারীদের অসর্কতা ও ট্রাফিক আইন ভঙ্গ
ঝিনাইদহে দুর্নীতি মাদক জঙ্গিবাদের বিরুদ্ধে শপথ পাঠ
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়েছে ঝিনাইদহে দুর্নীতি, মাদক, জঙ্গিবাদ ও মজুদদারের বিরুদ্ধে শপথ পাঠ করেছেন নানা শ্রেণি পেশার মানুষ। জেলা কৃষক লীগের আয়োজনে বুধবার বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ শপথ বাক্য পাঠ করা হয়। জেলা কৃষক লীগের সভাপতি সাজেদুল ইসলাম সোমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল হাই। জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক আজিজুল হক, সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড আব্দুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম হাকিম ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি সংসদ সদস্য আব্দুল হাই। এসময় আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগের নেতাকর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হুগলী বিস্কুট কোম্পানির শ্রমিক কর্মচারীদের গেট সভা
ফুলবাড়ীগেট (খুলনা) সংবাদদাতা ॥ শিরোমণি বিসিক এলাকার হুগলী বিস্কুট কোম্পানির শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতনসহ ৯ দফা দাবিতে বুধবার সকালে গেট সভা ও অবস্থান কর্মসূচি পালিত হয়। হুগলী বিস্কুট কোঃ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান। সাধারণ সম্পাদক হুমায়ুন কবির দিপুর পরিচালনায় এতে বক্তৃতা করেন শেখ আকরাম হোসেন, মো. জিন্নাহ, মোসা. মিরা, মেহেদী হাসান, আব্দুল কুদ্দুস, ফরহাদ মোড়ল, আব্দুল লতিফ প্রমুখ।








