খুলনা প্রতিনিধি॥ ১১ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলে শ্রমিক আন্দোলনের পঞ্চম দিন চলছে। রাষ্ট্রায়ত্ত পাটকল খালিশপুর, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকার প্রায় অর্ধ লাখ শ্রমিক-কর্মচারী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। প্রচণ্ড শীতের মধ্যে খোলা আকাশের নিচে রাতযাপন করে এ কর্মসূচিতে অংশ নেওয়ায় বৃহস্পতিবার (২ জানুয়ারি) পর্যন্ত ১৮ জন শ্রমিক অসুস্থ হয়ে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছেন। স্যালাইন পুশ করা হয়েছে ১৩০ জনকে।
বৃহস্পতিবার ভোর থেকে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার মিলের শ্রমিকরা বিআইডিসি রোড, আলীম ও ইস্টার্ন জুটমিলের শ্রমিকরা আলীম মিল এবং নওয়াপাড়া শিল্প এলাকার কার্পেটিং, জেজেআইয়ের শ্রমিকরা স্ব স্ব মিলগেটের সামনে ফজরের নামাজ আদায় করেন। নামাজের পরপর খালিশপুর বিআইডিসি রোড, আটরা শিল্প এলাকার আলীম জুটমিল গেট ও নওয়াপাড়া শিল্প এলাকায় শ্রমিকদের বিক্ষোভ শুরু হয়। এদিকে পাটকল নেতারা বৈঠক করার জন্য ঢাকায় অবস্থান করছেন। রাতে পাট মন্ত্রণালয়ের ফার্মগেটের অফিসে তাদের সভাটি হবে। এছাড়া গত ৩১ ডিসেম্বর খুলনা জেলা প্রশাসনের বৈঠকে পাটকল নেতারা উপস্থিত না হওয়ার কারণ জানতে তাদের নোটিশ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে সমস্য সমাধানে আন্দোলনকারীদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপি। বিজেএমসির চেয়ারম্যান মো. আব্দুর রউফ জানান, মন্ত্রণালয়ের চিঠি পেয়ে পাটকল সিবিএ-ননসিবিএ সংগ্রাম পরিষদের নেতারা ঢাকায় এসেছেন। পাটকল সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. মুরাদ হোসেন ও শাহানা শারমিন জানান, তারা ঢাকায় বৈঠকের জন্য অপেক্ষা করছেন। বৈঠক ফলপ্রসূ হলে হয়তো শ্রমিদের এ কনকনে শীতে আর রাজপথে থাকতে হবে না।
প্লাটিনাম জুট মিলের সিবিএ সভাপতি সাহানা শারমিন বলেন, ‘তীব্র শীতের মধ্যেও শ্রমিকরা অনশন কর্মসূচি পালন করছেন। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ অনশনে ঠন্ডাজনিত কারণে শতাধিক শ্রমিক অসুস্থ হয়েছে। যা ক্রমেই বাড়ছে।’ পাটকল সংগ্রাম পরিষদের যুগ্ম আহায়ক মো. মুরাদ হোসেন বলেন, ‘গত রমজান মাসে জেলা প্রশাসকের সঙ্গে বৈঠকের কোনও চুক্তিই বাস্তবায়ন হয়নি। এর ফলে ৩১ ডিসেম্বর ডিসি বৈঠক আহ্বান করলে নেতারা না যাওয়ার সিদ্ধান্ত নেন।’ পাটখাতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, জাতীয় মজুরি ও উৎপাদনশীলতা কমিশনের রোয়েদাদ ২০১৫ কার্যকর, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ ও গ্র্যাচুইটির অর্থ পরিশোধ, চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীদের পুনর্বহালসহ ১১ দফা দাবিতে ২৯ ডিসেম্বর বেলা ২টা থেকে অনশন শুরু করেন পাটকল শ্রমিকরা।
অনশনের পঞ্চম দিনে খুলনায় ১৮ পাটকল শ্রমিক হাসপাতালে
ফ্যাশন ট্রেন্ড-২০২০: কুচির কদর বাড়বে
লোকসমাজ ডেস্ক ॥ বিদায়ী বছরের ধারাবাহিকতায় আসন্ন বছরের ফ্যাশন ট্রেন্ডও হতে চলেছে নজরকাড়া। এই নজরকাড়া ডিজাইনে আবার ঘুরে ফিরে কুচি দেওয়া জামা, ঘটি হাতা, পলকা ডট ফিরছে বলেই দাবি করছেন ফ্যাশন বিশেষজ্ঞরা।
পাফি স্লিভস: সেই ছোটবেলার ঘটি হাতা ফ্রকটাই আবার ফিরছে। গত বছরও এর বেশ কদর ছিল বলিউড, হলিউড ও ফ্যাশন হাউসে। এবারও ক্যারোলিনা হেরেরা, ব্রোক কালেকশন, সিমোন রোচার মতো আন্তর্জাতিক সব ফ্যাশন হাউস পাফি স্লিভকে প্রাধান্য দিচ্ছে।
পলকা ডট: নতুন বছরে পলকা ডটের প্রাধান্য বেড়ে যেতে পারে। বেলেনসিকাগা, বলমেইনসহ বেশ কিছু ডিজাইনার পলকা ডট নিয়ে আবার নতুন করে কাজ শুরু করছেন।
প্লিটস বা কুচি জামা: ফ্যাশন ডিজাইনাররা নানা রংয়ের পোশাকে প্লিটসকে প্রশ্রয় দিচ্ছেন। স্কার্ট, কামিজ, টি-শার্টে পাবেন প্লিটস। তাই নতুন বছরে প্লিটস বাজিমাত করবে বলেই মনে হচ্ছে।
ট্রা কোট: শীতকে পরাজিত করতে বিভিন্ন ডিজাইনের ট্রা কোটের চল হয়েছে। এবারও হালকা কাপড়ের ট্রা কোট মাতাবে ফ্যাশন বিশ্ব।
বাটার কাপ ইয়েলো: যে কালারের ড্রেস নতুন বছরে ট্রেন্ড সৃষ্টি করতে যাচ্ছে তা হলো বাটার কাপ ইয়েলো। তাই এ কালারের ড্রেস বেছে নিন।
ডেনিম স্কার্ট: নব্বইয়ের দশকের ডেনিম স্কার্ট নতুন বছর আবারো ফিরে আসছে। সেলিন, মারকোয়েজ, আলমেইদা, স্টেলা ম্যাককার্টনির মতো ফ্যাশন ডিজাইনাররা ডেনিম স্কার্টকে প্রাধান্য দিচ্ছেন। তাই আপনিও বেছে নিন তা।
তথ্যসূত্র: ট্রেন্ড স্পটার ডট কম, কসমোপলিটান।
থাইল্যান্ডে নববর্ষের উৎসবে সড়কে প্রাণ গেছে ৩১৭ জনের
লোকসমাজ ডেস্ক ॥ থাইল্যান্ডে নববর্ষ উদযাপনের সময় সড়ক দুর্ঘটনায় মোট ৩১৭ জন নিহত এবং ৩ হাজার ১৬০ জন আহত হয়েছেন বলে বৃহস্পতিবার দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন বিভাগ (ডিডিপিএম) জানিয়েছে। থাইল্যান্ডে নববর্ষের ছুটি ২৭ ডিসেম্বর শুরু হয়ে চলে ১ জানুয়ারি পর্যন্ত। দেশব্যাপী ৩ হাজার ৭৬টি সড়ক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৩৯ শতাংশ দুর্ঘটনার কারণ ছিল মাতাল হয়ে গাড়ি চালানো। আর অতিরিক্ত গতির কারণে ঘটেছে ২৮ শতাংশ দুর্ঘটনা। ডিডিপিএম আরো জানায়, দুর্ঘটনায় পতিত যানগুলোর মধ্যে ৭৯ শতাংশই ছিল মোটরসাইকেল। নববর্ষের সময়ে হতাহতদের মাঝে পুরো দেশের সবগুলো প্রদেশের মধ্যে সবচেয়ে বেশি ১৪ জন মারা গেছেন ব্যাংককে। আর সবচেয়ে বেশি ১০০ আহত হয়েছেন দক্ষিণাঞ্চলের প্রদেশ সোংখালাতে। সূত্র : ইউএনবি।
আন্তর্জাতিক সংবাদ
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনাপ্রধান নিহত
লোকসমাজ ডেস্ক ॥ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনাপ্রধান জেনারেল শেন ওয়াই-মিং নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় নিহত হয়েছেন আরও সাতজন। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানায়, রাজধানী তাইপের কাছেই তেরেইন পর্বতমালা এলাকায় প্রতিকূল আবহাওয়ার মুখে জরুরি অবতরণ করতে গিয়ে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে জেনারেল শেন ওয়াই-মিংয়ের সঙ্গে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাসহ আরও ১২ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় সকাল ৮ টার কিছু মুহূর্ত আগে থাইপের সংশান বিমানঘাঁটি থেকে উত্তর-পশ্চিমাঞ্চলে একটি সামরিক ঘাঁটির উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তারা। পথিমধ্যে প্রতিকূল আবহাওয়ার মুখে পড়লে অবতরণে বাধ্য হন তারা, সে মুহূর্তে এই দুর্ঘটনা ঘটে।
মেক্সিকোতে কারাগারে দাঙ্গায় নিহত ১৬
লোকসমাজ ডেস্ক ॥ মেক্সিকোর জাকাতেকাস রাজ্যের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ১৬ কয়েদি নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। সিয়েনেগুইলাস শহরের ওই কারাদাঙ্গায় গুরুতর আহত হয়েছে আরও ৫জন। মঙ্গলবার দুই-আড়াই ঘণ্টার এ দাঙ্গায় কয়েদিরা একে অপরের ওপর পিস্তল ও ছোরা নিয়ে ঝাঁপিয়ে পড়ে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি। মেক্সিকোর বেশিরভাগ কারাগারগুলোতেই কয়েদির সংখ্যা উপচেপড়া; মাদক কারবারিদের প্রভাবে সেখানে প্রায়ই দাঙ্গা ও সহিংসতার ঘটনা ঘটে। জাকাতেকাস রাজ্যের নিরাপত্তা সংস্থা জানায়, মঙ্গলবার স্থানীয় সময় দুপুর আড়াইটার সময় সিয়েনেগুইলাস রিজিওনাল সেন্টার ফর সোশাল রিইন্টিগ্রেশানে দাঙ্গা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনতে বেজে যায় ৫টা। বন্দিদের মধ্যে একজনকে বন্দুকসহ গ্রেফতার করা হয়; পরে কারাগারের ভেতর মেলে তিনটি পিস্তল ও বেশ কয়েকটি ছুরি। দাঙ্গায় ঘটনাস্থলেই ১৫ জন নিহত এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।
অস্ট্রেলিয়ায় দাবানল: হুমকির মুখে পালাচ্ছে হাজারো মানুষ
লোকসমাজ ডেস্ক ॥ সামনের দিনগুলোতে দাবানল আরও হিংস্র হয়ে উঠতে পারে কর্তৃপক্ষের এমন পূর্বাভাসের পর হাজার হাজার মানুষ অস্ট্রেলিয়ার বিস্তৃত ‘ট্যুরিস্ট লিভ জোন’ ছেড়ে পালাচ্ছে। দেশটিতে সেপ্টেম্বর থেকে শুরু হওয়া দাবানল এরই মধ্যে ১৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে; ধ্বংস করেছে ১২ শর বেশি বাড়িঘর। ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) অঙ্গরাজ্যজুড়ে চলতি সপ্তাহের বিস্তৃত আগুনে ১৭ জনের খোঁজও পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বিবিসি। এনএসডিব্লিউর দক্ষিণ উপকূলের বিস্তৃত এলাকার লোকজনকে দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে। একে বলা হচ্ছে, ওই অঞ্চলের ইতিহাসের ‘সবচেয়ে বড় স্থানান্তর কার্যক্রম’। বৃহস্পতিবার সিডনি ও ক্যানাবেরায় ফেরার গাড়ির দীর্ঘ সারির চাপে মহাসড়কগুলোকে স্থবির হয়ে পড়তে দেখা গেছে। স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বেতামেনস বে শহরের পেট্রল পাম্পগুলোতে গাড়ির দীর্ঘ সারির উপস্থিতির কথা বলা হচ্ছে। দাবানলের অগ্রযাত্রা , নড়বড়ে বা উপড়ে পড়া গাছের কারণে অনেক সড়কই বন্ধ রাখা হয়েছে। কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি এখন আগের তুলনায় খানিকটা ভালো হলেও শনিবার থেকে দাবানলের বিস্তৃতি আরও বাড়তে পারে এবং তা প্রাণী ও ঘরবাড়ির জন্য বড় ধরনের হুমকি হয়ে উঠতে পারে।
শিশুদের হাতে নতুন বই তুলে দিলেন জিএম কাদের
লোকসমাজ ডেস্ক ॥ নতুন বছরে শিশুদের হাতে বই তুলে দিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে জাপার প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত ‘পল্লীবন্ধু এরশাদ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়’ এর শিক্ষার্থীদের হাতে বই দেন তিনি। এসময় ইউনেস্কোর অর্থায়নে নির্মিত স্কুলের নতুন একটি ভবন উদ্বোধন করেন জিএম কাদের। বই বিতরণী অনুষ্ঠানে গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘জ্ঞান সমৃদ্ধ জাতি গঠনে শিক্ষার বিকল্প নেই। তাই শিশুদের জন্য আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।’ তিনি বলেন, ‘শিক্ষার চেয়ে বড় সম্পদ আর নেই। আজকের শিশুরা শিক্ষিত হলে দেশে-বিদেশে তারা মানবসম্পদে পরিণত হবে।’ জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ শিক্ষাব্যবস্থার উন্নয়নে অনেক কাজ করেছেন। বর্তমান সরকারও শিক্ষাব্যবস্থার উন্নয়নে অনেক কাজ করছে।’
অভিভাবকদের উদ্দেশে জিএম কাদের বলেন, ‘শিশুদের বিদ্যালয়ে পাঠাবেন। শিশুদের শিক্ষিত হবার অধিকার থেকে বঞ্চিত করবেন না।’ পল্লীবন্ধু এরশাদ শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জাতীয় পার্টির নেতা মেজর (অব.) খালেদ আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন জাতীয় পার্টি মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সাল চিশতী, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টু, পার্টি নেতা সৈয়দ মঞ্জুর হোসেন, শিশু কল্যাণ ট্রাস্টের সহকারী পরিচালক প্রবীর কুমার হালদার, দলীয় নেতা মামুনুর রহমান ও মো. মারজান। উল্লেখ্য, ২০১১ সালে ব্যক্তিগত টাকা দিয়ে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ কড়াইল বস্তির শিশুদের জন্য এই বিদ্যালয়টি নির্মাণ করেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি জানায়, বিদ্যালয়টি পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করার পরিকল্পনা আছে।
চমকে দিলেন রাজকুমার
লোকসমাজ ডেস্ক ॥ আর দশটা সাধারন গল্পের বাইরে গিয়ে খানিকটা ভিন্নধর্মী চলচ্চিত্রে অভিনয় করতে পছন্দ করেন তিন। চরিত্রগুলো বাছাই করেন যেখানে চ্যালেঞ্জ আছে, রোমাঞ্চ আছে। আছে চমকে দেয়ার সুযোগ। তিনি বলিউডের এই প্রজন্মের নায়ক রাজকুমার রাও। মুক্তির অপেক্ষায় তার নতুন ছবি ‘লুডু’। প্রতিটি নতুন ছবিতেই যেন নিজেকে আরও খানিকটা শানিয়ে নেন তিনি। এই ছবির ফার্স্ট লুকে সেই প্রমাণ আবারও মিললো। বেশ চমকে দিয়েছেন রাজকুমার। রাজকুমার রাও তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন ‘লুডু’র ফার্স্ট লুক পোস্টার। আর প্রথম লুকেই হইচই ফেলে দিলেন তিনি। দুটি ছবির মধ্যে প্রথম ছবিতে ঘাঘরা চোলিতে একেবারেই চেনা যাচ্ছে না তাকে। নেটিজেনরা এতটাই কনফিউজড হয়ে পড়লেন যে কেউ কেউ তাকে আলিয়া ভাট ভেবে বসলেন। আবার কেউ কৃতী স্যানন বলে ডাকলেন। দ্বিতীয় ছবিতে রাজকুমারকে দেখা গেল বাইকের উপর বসে একেবারে রোট্রো লুকে। লম্বা চুল ও সাদা রিমের সানগ্লাসে মিঠুন চক্রবর্তীর ভক্ত রূপে দারুণ মানিয়েছে তাকে। অনুরাগ বসু পরিচালিত ‘লুডু’ একটি ক্রাইম স্টোরি। রাজকুমার ছাড়াও এই ছবিতে দেখা যাবে অভিষেক বচ্চন, পঙ্কজ ত্রিপাঠী, আদিত্য রয় কাপুর, সানিয়া মলহোত্রা এবং ফাতিমা সানা শেখকে।
চার বছরে সীমান্ত হত্যা ২০১৯ সালে সর্বোচ্চ
লোকসমাজ ডেস্ক ॥ বাংলাদেশ-ভারত সীমান্ত হত্যা জিরো টলারেন্সে নামিয়ে আনার কথা বার বার বলা হলেও তা বন্ধ করা যায়নি। সীমান্তে গত চার বছরের মধ্যে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে ২০১৯ সালে। বেসরকারি সংখ্যায় সীমান্ত হত্যার সংখ্যা ৪৩ বলা হলেও বিজিবির হিসাবে তা ৩৫। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হিসাবে এ সংখ্যা আরও কম। সীমান্তে এ হত্যায় বিএসএফকে উদ্বিগ্নতার কথা জানিয়েছে বিজিবি। বন্ধুত্বের পরও দুই দেশের সীমান্তকে রক্তপাতমুক্ত করা যাচ্ছে না কিছুতেই। গত এক দশকে সীমান্তে ২৯৪ বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। গত বছর সংসদে দাঁড়িয়ে এমন তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
জাতীয় সংসদে উত্থাপিত পরিসংখ্যান অনুযায়ী, ২০০৯ সালে সীমান্তে নিহত হন ৬৬ জন। ২০১০ সালে ৫৫, ২০১১ সালে ২৪, ২০১২ সালে ২৪, ২০১৩ সালে ১৮, ২০১৪ সালে ২৪, ২০১৫ সালে ৩৮, ২০১৬ সালে ২৫, ২০১৭ সালে ১৭ ও ২০১৮ সালে তিনজন। যদিও সে সময় স্বরাষ্ট্রমন্ত্রী ২০১৯ সালের সীমান্ত হত্যার পরিসংখ্যান উল্লেখ করেননি। বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিজিবি সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবি মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল সাফিনুল ইসলাম বলেন, ২০১৯ সালে সীমান্ত হত্যার শিকার হয়েছেন ৩৫ বাংলাদেশি। গত ২৫-৩০ ডিসেম্বর পর্যন্ত ভারতে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন হয়। সেখানে ‘যৌথ আলোচনার দলিল’ স্বাক্ষরের মধ্য দিয়ে নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে মহাপরিচালক পর্যায়ে ৪৯তম সীমান্ত সমন্বয় সম্মেলন শেষ হয়।বিজিবি প্রধানের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশগ্রহণ করেন। অন্যদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী ভিভেক জোহরীর নেতৃত্বে ১৯ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেয়।
সম্মেলনে সীমান্ত হত্যা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে বিজিবি প্রধান বলেন, নয়াদিল্লিতে অনুষ্ঠিত সীমান্ত সম্মেলনে বিএসএফ ডিজিকে গভীর উদ্বেগের সঙ্গে উল্লেখ করেছি যে, ‘২০১৯ সালে সীমান্তে মৃত্যুর সংখ্যা বিগত চার বছরের মধ্যে সর্বোচ্চ। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিএসএফ ডিজিকে অনুরোধ জানানো হয়েছে। বিএসএফ প্রধান আমাদের আশ্বস্ত করেছেন। এ ব্যাপারে সতর্ক থাকার কথা বলেছেন।’ বিজিবি মহাপরিচালক বলেন, ভারতের অভ্যন্তরে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় ফেনসিডিল এবং ইয়াবা তৈরির কারখানা পরিচালনার বিষয়টি উত্থাপন করা হয়েছে। এ ধরনের তথ্য বিএসএফকে জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উভয়পক্ষই মাদক, অস্ত্র, গোলাবারুদ এবং বিস্ফোরকদ্রব্য চোরাচালান প্রতিরোধে গৃহীত পদক্ষেপ আরও জোরদার করতে সম্মত হয়। বিজিবি মহাপরিচালক জানান, বাংলাদেশ সরকার ২৭৭ কিলোমিটার সীমান্ত সড়ক নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এ কাজ বাস্তবায়নে বিজিবির চাহিদা অনুযায়ী বিএসএফ সহায়তার ব্যাপারে মতামত ব্যক্ত করেছে। এনআরসি ও সিএএ’র প্রভাবে সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের মতো অবৈধ প্রবেশ ঘটলে বিজিবি গুলি করবে কিনা জানতে চাইলে বিজিবি প্রধান বলেন, সীমান্তে বিজিবি কখনো আগে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে না। অতীতে দেখা গেছে চোরাকারবারিদের দ্বারা বিজিবি হামলার শিকার হয়েছে, হতাহত হয়েছে। এরপর নিরাপত্তার স্বার্থে বিজিবি গুলি করেছে। সীমান্তে আত্মরক্ষার্থে ছাড়া বিজিবি কখনো গুলি করে না, অবৈধভাবে কাউকে ঢুকতেও দেয়া হবে না বলেও জানান তিনি। ঠাকুরগাঁওয়ে বিজিবির গুলিতে কিশোরসহ তিনজন নিহতের ঘটনায় বিজিবি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নিয়ে মামলা হয়েছে। বিচারিক আদালতে মামলার শুনানি ও তদন্ত চলমান।
কাউন্সিলর প্রার্থী গ্রেফতারের প্রতিক্রিয়ায় যা বললেন ইশরাক
লোকসমাজ ডেস্ক ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে (ডিএসসিসি) ৩২ নম্বর ওয়ার্ডে বিএনপিসমর্থিত কাউন্সিলর প্রার্থী তাজউদ্দিন আহমেদ তাজুকে গ্রেফতার করেছে পুলিশ। তাকে গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। তাজউদ্দিন আহমেদ তাজু বংশাল থানা বিএনপির সভাপতি। কাউন্সিলর প্রার্থী গ্রেফতারের প্রতিক্রিয়ায় ঢাকা দক্ষিনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইশরাক হোসেন বলেছেন, রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে বের হওয়ার পরে আমাদের ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বংশাল থানা বিএনপির সভাপতি তাজউদ্দীন আহমেদ তাইজুলকে পুলিশ আটক করে প্রায় দেড় ঘন্টা একটি রেস্টুরেন্টে আটকে রাখে। পরে তাকে বংশাল থানায় নিয়ে গেলে খবর পেয়ে আমি সেখানে যাই। আমি পুলিশের কাছে আটকের কারণ জানতে চাইলে তারা পুলিশ একটি পুরানো মামলার ওয়ারেন্ট বের করে তাকে গ্রেফতার দেখানোর কথা জানায়। আমি মনেকরি একটি ভীতিকর পরিস্থিতি তৈরী করার লক্ষ্যে সরকারের নির্দেশে পুলিশ উদ্দেশ্য প্রণোদিতভাবে পুরাতন মামলায় ওয়েরেন্ট তৈরী করে তাকে গ্রেফতার দেখিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাজউদ্দীন আহমেদের নিঃর্শত মুক্তি দাবি করছি। এ বিষয় জানতে চাইলে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির বলেন, তাজউদ্দিন আহমেদ তাজুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি নাশকতা ও রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। তার বিরুদ্ধে একাধিক গ্রেফতারি পরোয়ানাও ছিল। এ কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, সুনির্দিষ্ট কারণে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হস্তান্তর করা হবে।
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনাপ্রধান নিহত
লোকসমাজ ডেস্ক ॥ রাজধানী তাইপের কাছে পাহাড়ি এলাকায় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তাইওয়ানের সেনাপ্রধান শেন ই-মিং নিহত হয়েছেন। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। তাইওয়ানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম দেশটির সেনাপ্রধানসহ অন্তত ৮ সেনাসদস্য নিহত হওয়ার খবর জানিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার বিধ্বস্ত হেলিকপ্টারটিতে মোট ১৩ জন আরোহী ছিলেন। চীনা নববর্ষের আগে সৈন্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে সেনাপ্রধান শেন উত্তরপূর্বের ইলান কাউন্ট্রিতে যাচ্ছিলেন। হেলিকপ্টার আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই জরুরি অবতরণ করে। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাইপেতে এক সংবাদ সম্মেলনে বিমানবাহিনীর প্রধান শিয়াং হু-কাই বলেন,‘তল্লাশি ও উদ্ধার অভিযান চলছে… দুর্ঘটনার কারণ আবহাওয়া নাকি যান্ত্রিক ত্রুটিতে, তা তদন্ত করে দেখা হচ্ছে। হেলিকপ্টারটির অবস্থাও ভালো ছিল না।’
এদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ৭টা ৫৪ মিনিটে দেশটির সংশান বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করেছিল ব্ল্যাক হক হেলিকপ্টারটি। এতে সেনাপ্রধান জেনারেল শেই ই মিংসহ সেনাবাহিনীর ১২ কর্মকর্তা ছিলেন। এরপর কন্ট্রোল রুমের সঙ্গে এর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বৈরি আবহাওয়ার কারণে এ দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়েছে। এখন পর্যন্ত বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। হেলিকপ্টারের ধ্বংসাবশেষের নিচে নিহতদের লাশ পড়েছিল। সেন্ট্রাল নিউজ এজেন্সির কর্মকর্তারা জানিয়েছেন, তাইওয়ানের বিমান বাহিনী আরও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার এবং প্রায় ৮০ জন সেনা সদস্যকে ওই এলাকায় মোতায়েন করেছে।
১৯৪৯ সালে চীনের গৃহযুদ্ধের শেষ পর্যায়ে চিয়াং কাই-শেকের জাতীয়তাবাদী সমর্থকরা মাও জে-ডং এর কমিউনিস্টদের কাছে পরাজিত হয়ে ‘মূলভূখণ্ড’ চীন থেকে দ্বীপটিতে পালিয়ে যায়। তারপর থেকে তাইওয়ান স্বশাসিত হলেও চীন দ্বীপটিকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ মনে করে, যা আবার একদিন এক হবে। তাইওয়ান স্বাধীন হতে চাইলে বলপ্রয়োগ করতেও দ্বিধা করবে না বলে হুমকি দিয়ে রেখেছে চীন। তাইওয়ান জাতিসংঘের সদস্য নয়; অলিম্পিকে ‘চীনা তাইপে’ নাম নিয়ে অংশগ্রহণ করে। বিশ্বের অধিকাংশ দেশ তাইওয়ানকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করে না। সূত্র : ডয়চে ভেলে।
ইন্দোনেশিয়ার রাজধানীতে বন্যায় ১৬ জনের মৃত্যু
লোকসমাজ ডেস্ক ॥ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় মারাত্মক বন্যায় কমপক্ষে ১৬ জন মারা গেছেন। সেই সাথে কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত এবং একটি বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে বলে বৃহস্পতিবার দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে। সংস্থার মুখপাত্র আগুস উইবুউ বলেন, বর্ষার বৃষ্টি এবং নদীর পানি বৃদ্ধির ফলে জাকার্তার পাশের বোগোড় ও দিপোক জেলার কমপক্ষে ১৬৯টি এলাকা ডুবে গেছে এবং ভূমিধস দেখা দিয়েছে। সংস্থার প্রকাশ করা ভিডিও ও ছবিতে দেখা যায়, কাদাপানিতে গাড়ি ভাসছে এবং ডুবে যাওয়া বাড়ির ছাদে আশ্রয় নেয়া শিশু ও বৃদ্ধদের প্লাস্টিকের নৌকায় করে সাহায্য করছেন সেনা ও উদ্ধারকর্মীরা।
বন্যার কারণে কর্তৃপক্ষ বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করে দিতে বাধ্য হয়েছে। ভেঙে পড়েছে পরিবহন ব্যবস্থা, বলেন উইবুউ। তিনি আরও জানান, বিভিন্ন জায়গায় বন্যার পানি ৮ ফুট পর্যন্ত ওঠে গেছে। ৩১ হাজারের বেশি মানুষ অস্থায়ী শিবিরে আশ্রয় নিয়েছেন। নতুন বছরের প্রাক্কালে জাকার্তা ও পশ্চিম জাভার পাহাড়ি এলাকায় সাড়ে ১৪ ইঞ্চি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে স্থানীয় নদীগুলো প্লাবিত হয়ে পড়েছে। জাকার্তার গভর্নর আনিস বাসউইদান বন্যায় আক্রান্ত শহর পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, আরো বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় লোকজনকে সরিয়ে নিতে এবং পানির ভ্রাম্যমাণ পাম্প বসাতে ১২ হাজার উদ্ধারকারী কাজ করছেন। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক পোলানা প্রামিস্তি জানান, বন্যায় রানওয়ে ডুবে যাওয়ায় জাকার্তার হালিম পারদনাকুসুমা অভ্যন্তরীণ বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে এবং এতে আটকা পড়েছেন ১৯ হাজারের মতো যাত্রী। সূত্র : ইউএনবি।









