যশোরে শত শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার ॥ যশোরের স্বেচ্ছাসেবী সংগঠন গড়বো সমাজ কল্যাণ সংস্থা (জিএসকেএস)-এর উদ্যোগে ১০০ জন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং অসহায় ব্যক্তিদের আর্থিক ও উপকরণ সহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে শহরের রেলগেট সংলগ্ন আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়ে সংস্থাটির ১৫তম বার্ষিক শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। সংস্থার সভাপতি ব্যারিস্টার কাজী রেফাত রেজওয়ান সেতু অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন। সভাপতিত্ব করেন সংস্থার প্রধান উপদেষ্টা শিক্ষাবিদ প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সংস্থার দাতা সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর অ্যাডভোকেট আনিসুর রহমান মুকুল এবং দৈনিক মানবজমিন-এর স্টাফ রিপোর্টার নূর ইসলাম। স্বাগত বক্তব্য দেন সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক।

অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস, স্কুল ব্যাগ, স্কুল জুতা, খাতা ও কলম বিতরণ করা হয়। পাশাপাশি উচ্চশিক্ষা অব্যাহত রাখতে দুইজন কারিগরি শিক্ষার্থীকে এককালীন শিক্ষাবৃত্তি দেওয়া হয়।

এছাড়া একজন অসহায় ব্যক্তিকে একটি ভ্যানগাড়ি, তিনজন বেকার নারীকে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য ব্যবসায়িক উপকরণ, একজন প্রতিবন্ধী রিকশাচালককে রিকশা মেরামতের জন্য নগদ অর্থ এবং এক অসহায় নারীকে ভাঙা ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খোকন বলেন, সমাজে বর্তমানে বিভিন্ন সমস্যার মধ্যে মাদক অন্যতম বড় চ্যালেঞ্জ। মাদক ও দারিদ্র্যের কারণে অনেক মেধাবী শিক্ষার্থী লেখাপড়া থেকে ঝরে পড়ছে।

তিনি বলেন, দরিদ্র শিক্ষার্থী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের স্বাবলম্বী করতে গড়বো সমাজ কল্যাণ সংস্থা যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয়। এ ধরনের মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি আশ্বাস দেন।