চুয়াডাঙ্গায় ভোক্তা-অধিদপ্তরের বিশেষ অভিযান : বেকারি মালিককে জরিমানা

0
ছবি: সংগৃহীত।

চুয়াডাঙ্গা সংবাদদাতা ॥ চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ বাজারের ‘মেসার্স টি.জে. ফুড প্রোডাক্টস’ নামক একটি বেকারীকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও ক্ষতিকর লবণ ব্যবহারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে এই জরিমানা আদায় করা হয়।

মঙ্গলবার (২ জুন) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মুন্সীগঞ্জ বাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় পণ্য, বেকারী, ঔষধ ও জ্বালানী তেলের প্রতিষ্ঠানে বিশেষ তদারকি অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অভিযান পরিচালনাকালে মেসার্স টি.জে. ফুড প্রোডাক্টস বেকারীতে একাধিক গুরুতর অনিয়ম পাওয়া যায়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী বেকারীর স্বত্ত্বাধিকারী তারিকুল ইসলামকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধান করার জন্য তাকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযান চলাকালীন মুন্সীগঞ্জ বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সতর্ক করার পাশাপাশি বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়।

ছবি: সংগৃহীত।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বাজারে পণ্যের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য কেনাবেচা করা এবং কোনো অবস্থাতেই মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য বা শিশু খাদ্য বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে।

ভোক্তা অধিকার রক্ষায় জেলায় এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে অধিদপ্তর সূত্রে জানানো হয়েছে।