খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

0
খুলনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনা ব্যুরো, লোকসমাজ খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার ২৬ নম্বর ওয়ার্ডের নাজিরঘাট এলাকার তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মুস্তাকিন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মুস্তাকিন নগরীর ২ নম্বর কাসেম সড়ক এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি একটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে কর্মচারী হিসেবে কাজ করতেন।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনের একটি গলিতে চারটি মোটরসাইকেলে করে আসা আট সদস্যের একটি সন্ত্রাসী দল মুস্তাকিনের ওপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তার পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মুস্তাকিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে। কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করা হচ্ছে।