একদিনে সড়কে ঝরল ১৪ প্রাণ: সিলেটে বাস সংঘর্ষে ৮, বগুড়ায় বাসচাপায় নিহত ৬

0
একদিনে সড়কে ঝরল ১৪ প্রাণ
সিলেট ও বগুড়ায় দুর্ঘটনায় কবলিত বাস ও সিলেটে নিহতদের মরদেহ- লোকসমাজ

লোকসমাজ ডেস্ক : দেশের দুটি জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে সিলেটের ওসমানীনগরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হন। একই দিনে বগুড়ার সদর উপজেলার এরুলিয়ায় নিয়ন্ত্রণ হারানো একটি বাস অপেক্ষমাণ শ্রমিকদের চাপা দিলে আরও ৬ জন প্রাণ হারান।

সিলেটে মুখোমুখি বাস সংঘর্ষে নিহত ৮

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর বাজার এলাকায় সকালে ইউনিক পরিবহন ও বেঙ্গল পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দ্রুতগতিতে চলা দুটি বাসের মধ্যে সংঘর্ষ হলে ইউনিক পরিবহনের বাসটি সড়কের পাশের খাদে ছিটকে পড়ে। এতে বাসটির যাত্রীরা গুরুতর আহত হন। ঘটনাস্থল ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোট ৮ জনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করেন। নিহতদের মরদেহ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা হলেন সিলেট নগরীর সোবহানীঘাট এলাকার উত্তম রায়ের ছেলে সপ্তম রায় প্রীতম (২২), ঢাকার বিক্রমপুর এলাকার জাহাঙ্গীর শেখের কন্যা জাইফা (৩) এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের হাজী সাইফুল ইসলাম (৫০)। নিহতরা সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন।

বগুড়ায় বাসচাপায় নিহত ৬ শ্রমিক

অন্যদিকে বগুড়ার সদর উপজেলার এরুলিয়া এলাকার সিল্কিবান্ধায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ভোর সাড়ে ৫টার দিকে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে অপেক্ষমাণ শ্রমিকদের ওপর উঠে গেলে ৬ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নওগাঁগামী বাসটি প্রথমে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে কাজের সন্ধানে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের ওপর উঠে যায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। আহতদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়। এতে মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়ায়।

হাসপাতাল সূত্র জানায়, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নিহতদের সবাই দিনমজুর। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় নিশ্চিত করতে এবং স্বজনদের সন্ধানে কাজ চলছে।