যশোরে ৫০ পিস ইয়াবাসহ আইনজীবীর সহকারী পরিচয়দানকারী ও নারী আটক

0

স্টাফ রিপোর্টার, লোকসমাজ : যশোরে ৫০ পিস ইয়াবাসহ মাসুদ রানা নামে আইনজীবীর সহকারী পরিচয়দানকারী এক ব্যক্তি ও লাবনী আক্তার ইয়াসমিন নামে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত ২২ অক্টোবর সন্ধ্যায় শহরের জজ কোর্ট মোড়সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করা হয়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

আটক মাসুদ রানা যশোর সদর উপজেলার কাশিমপুর গ্রামের সরদারপাড়ার মৃত আবুল কাসেমের ছেলে। অপর আটক লাবনী আক্তার ইয়াসমিন যশোর শহরের বেজপাড়া আজিমাবাদ কলোনির সাদ্দাম হোসেন জিতুর স্ত্রী।

ডিবি পুলিশের এসআই কামাল হোসেন জানান, আটক দুজন দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত বলে গোপন সূত্রে তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে শহরের বাদশা ফয়সাল ইনস্টিটিউটের পশ্চিম পাশে অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা বিক্রির অভিযোগে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসআই কামাল হোসেন আরও জানান, মাসুদ রানার বিরুদ্ধে এর আগেও মাদক কারবারের অভিযোগ রয়েছে।