৯ লিটার মদ-বিয়ারসহ ইউপি সদস্য গ্রেফতার

0

খুলনা সংবাদদাতা॥ খুলনায় মো. নাবিরুল ইসলাম রাজা নামের এক ইউপি সদস্যকে ৯ লিটার বিদেশি মদ ও বিয়ারসহ গ্রেফতার করা হয়েছে। তিনি খুলনায় আটরা-গিলাতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য (মেম্বার)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১১টায় আফিল গেট থেকে তাকে গ্রেফতার করে।
খুলনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. সিরাজুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত ১১টার দিকে বিদেশি মদ ও বিয়ারসহ রাজাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে প্রায় ৯ লিটার বিদেশি মদ ও বিয়ার জব্দ করা হয়েছে। এ ঘটনায় খানজাহান আলী থানায় তিনি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তিনি আরও জানান, রাজা ফুলতলা উপজেলার শিরোমণি এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে। আফিল গেট এলাকার ‘রাজ্যজয় রেস্টুরেন্ট’র মালিক। রাজার স্ত্রী ফারজানা নিশা ফুলতলা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য।