মনিরামপুরে কিশোরীদের স্বাবলম্বী করতে ব্র্যাকের উদ্যোগ: হাঁস-মুরগি ও শিক্ষা সহায়তা বিতরণ

0
ছবি: সংগৃহীত।

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ গ্রামীণ অর্থনীতিতে তৃণমূলের কিশোরীদের সম্পৃক্ত ও স্বাবলম্বী করতে যশোরের মনিরামপুরে এক ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইনান্স প্রোগ্রামের সহায়তায় উপজেলার ৫৫ জন কিশোরীর মাঝে বিনামূল্যে হাঁস-মুরগির বাচ্চা ও শিক্ষা অনুদান বিতরণ করা হয়।

বুধবার দুপুরে পৌর শহরের স্থানীয় কার্যালয়ে ব্র্যাক সেলস প্রোগ্রামের ‘স্বপ্ন সারথী’ দলের সদস্যদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, কিশোরীদের অর্থনৈতিকভাবে সচেতন ও স্বাবলম্বী করে তুলতেই এই মাঠপর্যায়ের কার্যক্রম।

অনুষ্ঠানে ৩৩ জন কিশোরীর প্রত্যেককে ২০টি করে উন্নত জাতের ক্যাম্পেল হাঁস ও মুরগির বাচ্চা দেওয়া হয়। এর পাশাপাশি শিক্ষার আলো থেকে যেন কোনো কিশোরী বঞ্চিত না হয়, সেই লক্ষ্যে আরও ২২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সহায়তা বাবদ মোট ১ লাখ ৬৬ হাজার টাকার অনুদান চেক হস্তান্তর করা হয়।

বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের মনিরামপুর অঞ্চলের সিনিয়র এলাকা ব্যবস্থাপক নজরুল ইসলাম। এ সময় তৃণমূল পর্যায়ে এই কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গ্রামীণ কিশোরীদের ছোট থেকেই সঞ্চয় ও ক্ষুদ্র উদ্যোগে উদ্বুদ্ধ করা গেলে তা ভবিষ্যৎ অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র শাখা ব্যবস্থাপক উদয়ন কুমার ঘোষ এবং কৃষি ও বীমা ইউনিটের সম্প্রসারণ কর্মকর্তা উজ্জ্বল দাস। স্থানীয় বাসিন্দারা ব্র্যাকের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এই ধরনের কর্মসূচি আরও বিস্তৃত করার আহ্বান জানিয়েছেন।